ওয়াহাবি আলেমরা ইসলাম বাদ দিয়ে ধর্মান্ধতা প্রচার করছেন: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i19453-ওয়াহাবি_আলেমরা_ইসলাম_বাদ_দিয়ে_ধর্মান্ধতা_প্রচার_করছেন_জারিফ
সৌদি আরবের ওয়াহাবি আলেমরা ইসলামের পরিবর্তে উগ্রবাদের প্রচার ও প্রসার ঘটাচ্ছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি আরো বলেছেন, ইরানসহ বেশিরভাগ মুসলিম দেশে যে ইসলাম প্রচলিত রয়েছে তার সঙ্গে সৌদি ওয়াহাবিদের ইসলামের কোনো মিল নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৬ ০১:৫০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

সৌদি আরবের ওয়াহাবি আলেমরা ইসলামের পরিবর্তে উগ্রবাদের প্রচার ও প্রসার ঘটাচ্ছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি আরো বলেছেন, ইরানসহ বেশিরভাগ মুসলিম দেশে যে ইসলাম প্রচলিত রয়েছে তার সঙ্গে সৌদি ওয়াহাবিদের ইসলামের কোনো মিল নেই।

মঙ্গলবার নিজের টুইটার একাউন্টে লেখা এক বার্তায় জারিফ বলেছেন, “প্রকৃতপক্ষে; শীর্ষস্থানীয় ওয়াহাবি আলেম ও সৌদি সন্ত্রাসী ধর্মপ্রচারকরা যে ধর্মান্ধ উগ্রবাদ প্রচার করছেন তার সঙ্গে ইরানি ও বেশিরভাগ মুসলমানের ইসলামের কোনো মিল নেই।”

জারিফের টুইট বার্তা

‘ইরানিরা মুসলমান নয়’ বলে একজন শীর্ষস্থানীয় ওয়াহাবি আলেম ফতোয়া দেয়ার পর জারিফ এ মন্তব্য করলেন।

সৌদি গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আশ-শায়খ সম্প্রতি একটি আরবি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ইরানিরা মুসলমান নয় এবং সুন্নিদের প্রতি তাদের গভীর বিদ্বেষ রয়েছে।’

গত বছরের হজ ব্যবস্থাপনার দায়িত্বে যারা ছিলেন তাদের সমালোচনা করে ইরানের সর্বোচ্চ নেতা এ বছরের হজবাণী দেয়ার পর সৌদি মুফতি ওই ফতোয়া দিলেন। গত বছরের হজের সময় দু’টি মর্মান্তিক ঘটনায় হাজার হাজার হাজি প্রাণ হারান যাদের বড় অংশ ছিলেন ইরানি। সে ঘটনা স্মরণ করে যৌক্তিকভাবেই হজ ব্যবস্থাপনায় জড়িত সৌদি কর্মকর্তাদের সমালোচনা করেন ইরানের সর্বোচ্চ নেতা।

চলতি বছরের হজে ইরানি হজযাত্রীদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে চায় নি সৌদি কর্তৃপক্ষ। এ কারণে এ বছর কোনো হজযাত্রী পাঠায়নি ইরান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭