সিরিয়া সংকটের জন্য দায়ী ফরাসি ‘ভুল নীতি’: ইরান
-
বাহরাম কাসেমি
সিরিয়ার চলমান সংকটের জন্য ফ্রান্সের ভুল নীতিকে দায়ী করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর এক অভিযোগের জবাব দিতে গিয়ে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
তিনি বলেন, “একথা প্রত্যেকের জানা যে, সিরিয়ার চলমান সংকটের জন্য যেসব দেশের ভুল নীতি দায়ী ফ্রান্স তাদের অন্যতম। এ ভুল নীতির জন্য এখনো সিরিয়া পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।”
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-মার্ক আইরুল্ত সম্প্রতি দাবি করেন, সিরিয়া সরকারের প্রতি ইরানের সমর্থনের কারণে দেশটির সংকটের সমাধানা হচ্ছে না।
তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় কাসেমি আরো বলেন, দুঃখজনকভাবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য অবাস্তব ও অপ্রত্যাশিত। আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে তার আরো বেশি তথ্য জানা উচিত বলেও মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
কাসেমি বলেন, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো কতটা ভয়ঙ্কর তা আর কারো জানা না থাকলেও ফ্রান্স টের পেয়েছে।
ফ্রান্সে গত প্রায় দুই বছরে তাকফিরি সন্ত্রাসীদের চালানো একাধিক ভয়াবহ হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে এ মন্তব্য করেন বাহরাম কাসেমি।
তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর এতদিনে এ শিক্ষা হওয়া উচিত ছিল যে, যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগামী ভূমিকা রাখছে তাদের প্রতি সমর্থন দেয়া থেকে ইরানকে বিরত রাখার আহ্বান জানানো পাশ্চাত্যের উচিত নয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯