ইরান কোথাও সরাসরি সংঘাতে জড়িত নয়: ইরান
-
বক্তব্য রাখছেন ড. আলী আকবর বেলায়েতি (ফাইল ফটো)
ইসলামি প্রজাতন্ত্র ইরান অন্যান্য দেশের সংঘাতে সরাসরি জড়িত নয়। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি একথা বলেছেন। গতকাল (বুধবার) সুইডেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী নিলস ড্যানিয়েল কার্ল বিল্ডটের সঙ্গে বৈঠকের অবকাশে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
ড. বেলায়েতি জানান, ইরাক সরকারের অনুরোধে দেশটিকে ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজেদের অভিজ্ঞতা থেকে সামরিক পরামর্শ দেয়। মসুল বা ইরাকের অভ্যন্তরে এবং সিরিয়ার মতো বিদেশের মাটিতে যেকোনো অভিযানে দেশ দুটির সরকারের অনুরোধেই ইরান সামরিক পরামর্শ দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। বেলায়েতি বলেন, “ইরান কোথাও সরাসরি কোনো সংঘাতে জড়িত নয়।”
এদিকে, ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানির আসন্ন সফরের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে সাংবাদিকরা জানতে চান, এ সফরে মসুলের স্বাধীনতার বিষয়ে কোনো আলোচনা হবে কিনা। জবাবে বেলায়েতি বলেন, এই ইস্যুর সঙ্গে সফরের বিষয়টি অপ্রাসঙ্গিক। ইরাকের উত্তরাঞ্চলের কর্মকর্তা ও ইরানের পুরনো বন্ধু হিসেবে বারজানি স্বাভাবিকভাবেই ইরান সফর করতে পারেন এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানও তাকে স্বাগত জানাবে বলে জানান তিনি।
নীতি নির্ধারণী পরিষদের কৌশলগত গবেষণা কেন্দ্রের প্রধান ড. বেলায়েতি বলেন, ইরাকি জনগণ, সরকার ও সেখানকার কুর্দি প্রশাসনের প্রধানের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কাজেই ইরাকের সুন্নি মুসলিম নেতা, আরব ও শিয়া মুসলিম বন্ধুরা যখন ইচ্ছা ইরান সফর করতে পারেন এবং তাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানানো হবে বলেও জানান তিনি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬