‘মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ইরানের অবস্থান’
-
ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়ার প্রচেষ্টাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তার দেশ। তিনি আজ তেহরানে বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
দেহকান বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এই মুহূর্তে ইরানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেসব দেশ বা গোষ্ঠী অস্থিতিশীলতা ছড়াতে চায় কিংবা অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীন জিইয়ে রেখে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে তেহরান।
ঠিক এ লক্ষ্যকে সামনে রেখে রাশিয়া ও সিরিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা গড়ে উঠেছে বলে জেনারেল দেহকান উল্লেখ করেন। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলো নির্মূলের মাধ্যমে মধ্যপ্রাচ্যে পূর্ণ নিরাপত্তা ফিরে না আসা পর্যন্ত ইরান আঞ্চলিক দেশগুলোকে সহযোগিতা করে যাবে বলে তিনি মন্তব্য করেন।
সিরিয়ায় বিদেশি মদদে চাপিয়ে দেয়া সহিংসতা মোকাবিলায় দামেস্ক সরকারকে সহযোগিতা করছে ইরান ও রাশিয়া। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের ওপর বিমান হামলা শুরু করলেও ইরান সরাসরি সেখানে কোনো সামরিক তৎপরতায় জড়িত নয়। ইরান শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিরিয়া সরকারের যুদ্ধে সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করে যাচ্ছে। অন্যদিকে ইরাকেও দায়েশ বিরোধী অভিযানে দেশটির সেনাবাহিনীকে সামরিক পরামর্শ দিচ্ছে তেহরান।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮