ইরানের কাছে মার্কিন নির্বাচনী ফলাফলের আলাদা গুরুত্ব নেই: সর্বোচ্চ নেতা
-
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ী
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে তার দেশ মোটেও ভীত নয়। সেই সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ইরান প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ (বুধবার) ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান শহর থেকে আসা বিভিন্ন পেশা-শ্রেণীর হাজার হাজার মানুষের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় সর্বোচ্চ নেতা বলেন, বিশ্বের কেউ কেউ মার্কিন নির্বাচনের ফলাফলে উৎফুল্ল অথবা শোকাচ্ছন্ন হয়ে পড়েছে। তবে আমরা না শোকাভিভূত না উল্লসিত এবং এ ফলাফল আমাদের কাছে কোনো পার্থক্য সৃষ্টি করে না।
সর্বোচ্চ নেতা বলেন, "আমরা ভীত নয় এবং সর্বশক্তিমান আল্লাহর রহমতে যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।" আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর থেকেই মার্কিন নির্বাচনে অংশ নেয়া দু'টি দলই(ডেমোক্রেট এবং রিপাবলিকান) তেহরানের বিরুদ্ধে নানা শত্রুতামূলক নীতি গ্রহণ করে আসছে।
তিনি বলেন, সদ্য শেষ হওয়া মার্কিন নির্বাচন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কারণ আমেরিকা সেই আমেরিকাই রয়ে গেছে। গত ৩৭ বছর ধরে দেশটির দু'টি দলই আমাদের জন্য ভাল কিছুই করেনি। বরং এই শয়তান চক্র ইরানি জাতির বিরুদ্ধে শত্রুতা করে আসছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৬