দুঃসময়ে তেহরান-আঙ্কারা একে অপরের পাশে ছিল, থাকবে : ইরানি রাষ্ট্রদূত
তুরস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, দুঃসময়ে তেহরান-আঙ্কারা সবসময়ই একে অপরের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
ইরানের ইসনা বার্তা সংস্থা জানিয়েছে, তুরস্কে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ইব্রাহিম তাহেরিয়ান ফার্দ সাআদাত পার্টির প্রধান তমাল কারামালা ওগলুর সঙ্গে সাক্ষাতে একথা বলেছেন। তিনি আরো বলেন, যদিও কিছু কিছু বিষয়ে দুই দেশ ভিন্ন মত পোষণ করে কিন্তু তারপরও গঠনমূলক সংলাপ ও সমঝোতার মাধ্যমে তারা এগিয়ে যেতে বদ্ধপরিকর।
ইরানের রাষ্ট্রদূত বলেন, তেহরান ও আঙ্কারা এরই মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দিয়েছে এবং দুই দেশেরই গণমাধ্যম, রাজনৈতিক দল ও গণমানুষের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান পারস্পরিক সম্পর্ক ও আস্থা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আরো বলেন, তুরস্ক ও ইরানের শত্রুরা এ দুই দেশের মধ্যে বিরোধ সৃষ্টির জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ সাক্ষাতে তুরস্কের সাআদাত পার্টির প্রধানও ইরান ও তুরস্ককে শান্তি ও বন্ধুত্বের নিদর্শন হিসেবে অভিহিত করে বলেছেন, দু'দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে এবং মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তারা অবদান রাখতে পারে।#
পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/২৮