জাতিসংঘে ইরান-বিরোধী প্রস্তাবের তীব্র নিন্দা জানাল তেহরান
-
বাহরাম কাসেমি
জাতিসংঘে ইরানের বিরুদ্ধে মানবাধিকার সংক্রান্ত যে প্রস্তাব আনা হয়েছে তা আমেরিকা ও ইসরাইলের ইরান-আতঙ্ক ছড়িয়ে দেয়ার প্রচারণার অংশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি একথা বলেছেন।
আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের বেশ কিছু মিত্র মিলে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে তেহরানের বিরুদ্ধে একটি যৌথ প্রস্তাব এনেছে। এ সম্পর্কে তিনি বলেন, সাত বছর আগে থেকে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে ইরান-আতঙ্ক ছড়িয়ে দেয়ার যে অপকৌশল শুরু হয়েছে এটি তারই ধারাবাহিকতা মাত্র।
কাসেমি বলেন, এই প্রস্তাবের বক্তব্য পক্ষপাতদুষ্ট ও মিথ্যা এবং এতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বাস্তব পরিস্থিতির প্রতিফলন ঘটে নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এসব দেশ এমন সময় তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনেছে যখন তারা ইয়েমেন, সিরিয়া ও ইরাকের নিরপরাধ মানুষ হত্যাকারী এবং তাদের পৃষ্ঠপোষকদের ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছে। ইরান এই অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছে বলেও বাহরাম কাসেমি উল্লেখ করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯