বাহরাইনের বক্তব্যে তেহরান বিস্মিত হয়েছে: কাসেমি
-
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাহরাম কাসেমি
বাহরাইন সরকারকে দেশটির জনগণের ওপর নিপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনার পরিবর্তে বাহরাইন সরকারের নিজের দিকে তাকানো উচিত।
বাহরাইন সম্প্রতি দাবি করেছে, দেশটির নিরাপত্তা বাহিনী এমন একটি ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর সন্ধান পেয়েছে যাদের সঙ্গে ইরানের যোগসাজশ রয়েছে। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, এটি একটি ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ যা উত্থাপন করে মানামার কোনো লাভ হবে না। একই ধরনের অভিযোগের পুনরাবৃত্তিতে তেহরান বিস্মিত হয়েছে বলেও তিনি জানান।
কাসেমি বলেন, এ ধরনের অভিযোগ উত্থাপনের পরিবর্তে বাহরাইন সরকারের উচিত নিজের জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা করা। তিনি বলেন, বাহরাইন সরকারকে জনগণের ওপর দমন অভিযান ও রাজনৈতিক নেতাদের বন্দি করা বন্ধ করার পাশাপাশি জনগণকে কথা বলার স্বাধীনতা দিতে হবে।
অন্যের বিরুদ্ধে অভিযোগ আনার আগে নিজ দেশের সংকট বুদ্ধিমত্তা ও যৌক্তিক উপায়ে সমাধানের জন্য তিনি মানামার প্রতি আহ্বান জানান। কাসেমি বলেন, বাহরাইনের উচিত ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীসুলভ আচরণ বজায় রাখা।
২০১১ সাল থেকে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার দেশটির জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে কঠোর হাতে দমন করে যাচ্ছে। সৌদি আরবের সহযোগিতায় এ পর্যন্ত বহু আন্দোলনকারীকে হত্যা করেছে মানামা সরকার।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭