'ইরানের সঙ্গে সম্ভাব্য দ্বন্দ্বে মসুল ও আলেপ্পোর চেয়েও বেশি বিপর্যস্ত হবে দায়েশ'
https://parstoday.ir/bn/news/iran-i35368-'ইরানের_সঙ্গে_সম্ভাব্য_দ্বন্দ্বে_মসুল_ও_আলেপ্পোর_চেয়েও_বেশি_বিপর্যস্ত_হবে_দায়েশ'
ইরান ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসলামী এই দেশটির বিরুদ্ধে কোনও তৎপরতা চালালে তাদের ওপর যে বিপর্যয় নেমে আসবে তা মসুল ও আলেপ্পোয় তাদের পরাজয়ের চেয়েও অনেক বেশি কঠিন হবে। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ৩০, ২০১৭ ১৮:১২ Asia/Dhaka
  • ইরানের নীতি-নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি
    ইরানের নীতি-নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি

ইরান ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসলামী এই দেশটির বিরুদ্ধে কোনও তৎপরতা চালালে তাদের ওপর যে বিপর্যয় নেমে আসবে তা মসুল ও আলেপ্পোয় তাদের পরাজয়ের চেয়েও অনেক বেশি কঠিন হবে। 

ইরানের নীতি-নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি গতকাল (বুধবার) এই হুঁশিয়ারি দিয়েছেন দায়েশের এক হুমকির জবাবে। দায়েশ ইরানের বিরুদ্ধে ক্ষুদ্রতম হুমকি সৃষ্টির চেষ্টা করলেও তাদেরকে শাস্তি দেয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

গত সোমবার ফার্সি ভাষার এক ভিডিও বার্তায় দায়েশ ইরানের ওপর হামলার হুমকি দেয়। ওই ভিডিও বার্তায় ইরানের সংসদে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি ও এমনকি সুন্নি মুসলিম মাজহাবের প্রতিনিধিদের ছবি দেখিয়ে তাদেরকে কাফির বলে অভিহিত করা হয়। এ ছাড়াও ইরানের ইতিহাস সম্পর্কে নানা ভুল ও বিকৃত তথ্য প্রচার করা হয় ওই ভিডিওতে।  দায়েশ ভবিষ্যতে ইরান জয় করবে বলেও প্রচারণামূলক ওই ভিডিওতে দাবি করা হয়।

মোহসেন রেজায়ি দায়েশের হাস্যকর হুমকির জবাবে বলেছেন, দায়েশ যখন মসুল ও আলেপ্পো থেকে পালিয়ে যাচ্ছে তখন তারা যদি ইরানের ভেতরে বা বাইরে ইসলামী এই দেশের বিরুদ্ধে কোনও তৎপরতা চালায় তাহলে তারা বিশ্বের যে স্থানেই যাক না কেন তাদের অনুসরণ করা হবে এবং কঠোর শাস্তি দেয়া হবে।  তিনি বলেন, হামলা চালালে দায়েশকে মসুল ও আলেপ্পোর চেয়েও বড় ধরনের পরাজয় বরণ করতে হবে ইরানের হাতে। এ দুই অঞ্চলে সাধারণ জনগণের উপস্থিতির কারণে তাদেরকে যথাযথ শাস্তি দেয়া হয়নি বলে রেজায়ি মন্তব্য করেন।
তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ অতীতেও বেশ কয়েক বার ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছিল।

গত বছর ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ পুরদাস্তান বলেছেন, সন্ত্রাসীরা যদি ইরাক বা আফগানিস্তান সংলগ্ন ইরানের সীমান্তগুলোর ৪০ কিলোমিটারের কাছে চলে আসে তাহলে তাদের ওপর হামলা চালাতে দ্বিধা বোধ করবে না তেহরান। 

ইরাক ও সিরিয়ায় তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ব্যাপক সহায়তা দিয়ে আসছে ইরান। #  

পার্সটুডে/মু.আ. হুসাইন/৩০