ইসরাইলকে এনপিটি স্বাক্ষরে বাধ্য করতে হবে: ইরান
-
গোলাম-হোসেইন দেহকানি
ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি’তে স্বাক্ষর করতে বাধ্য করার আহ্বান জানিয়েছে ইরান। একইসঙ্গে তেহরান বলেছে, ইসরাইলের সব পরমাণু তৎপরতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইই’র নজরদারির আওতায় আনতে হবে।
২০২০ সালে এনপিটি চুক্তি পর্যালোচনার যে সম্মেলন হওয়ার কথা রয়েছে তার প্রস্তুতি কমিটির প্রথম বৈঠক বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মহা-পরিচালক গোলাম-হোসেইন দেহকানি আন্তর্জাতিক সমাজের প্রতি এ আহ্বান জানান।
তিনি ইসরাইলের পরমাণু অস্ত্রের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য এ অস্ত্র হুমকি সৃষ্টি করছে।
ইহুদিবাদী ইসরাইল নিজের পরমাণু অস্ত্র ভাণ্ডারের ব্যাপারে পরিষ্কার করে কিছু না বললেও ধারণা করা হয় অবৈধ এ রাষ্ট্রটির কাছে ২০০ থেকে ৪০০টি পরমাণু অস্ত্র আছে। কিন্তু তেল আবিব আন্তর্জাতিক সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখন পর্যন্ত এনপিটিতে সই কিংবা নিজের সামরিক পরমাণু কর্মসূচিতে আইএইএ’র পরিদর্শকদের প্রবেশ করতে দেয়নি।
পরমাণু অস্ত্রধর দেশগুলো তাদের অস্ত্র কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় দেহকানি এসব দেশেরও সমালোচনা করেন। তিনি বলেন, গত ৪৭ বছর ধরে এই একটি কারণে এনপিটি চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হয়নি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪