ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i157176-ইরানে_সম্ভাব্য_হামলার_পরিণতির_বিষয়ে_রাশিয়ার_হুঁশিয়ারি
পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের ওপর হামলার অর্থ হলো আগুন নিয়ে খেলা এবং এই অঞ্চলের কেউই ইরানকে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হোক এটা চায় না।
(last modified 2026-02-19T13:19:45+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১৫:৪১ Asia/Dhaka
  • ল্যাভরভ
    ল্যাভরভ

পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের ওপর হামলার অর্থ হলো আগুন নিয়ে খেলা এবং এই অঞ্চলের কেউই ইরানকে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হোক এটা চায় না।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আল-আরাবিয়া টিভি চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার দৃষ্টিতে গত জুনে ইরানের ওপর হামলার গুরুতর নেতিবাচক পরিণতি হয়েছে।

তিনি আরও জোর দিয়ে বলেন, পারমাণবিক স্থাপনায় হামলা অত্যন্ত বিপজ্জনক এবং এটি তেহরানকে পারমাণবিক উপাদান সুরক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বাধ্য করে।

তিনি বলেন, ইরান সবসময় পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি'র প্রতি নিজেদের অঙ্গীকার ঘোষণা করেছে এবং তেল আবিব ও ওয়াশিংটন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে।

ল্যাভরভ বলেন, সবাই জানে ইরানের ওপর পুনরায় হামলা আগুন নিয়ে খেলার শামিল। আরব দেশগুলো নতুন করে উত্তেজনা বৃদ্ধি চায় না বলে তিনি মন্তব্য করেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ'র পরিদর্শকদের কার্যক্রম পুনরায় শুরু হলে তেহরান তাদের সঙ্গে সহযোগিতা করবে।

তিনি আরও জানান, তার দেশের সঙ্গে ইরানের নেতৃত্বের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

আল-আরাবিয়ার সঙ্গে সাক্ষাৎকারে লাভরভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান-সংক্রান্ত অবস্থানের সমালোচনা করেন। তিনি বলেন, নেতানিয়াহু চরমপন্থী পদক্ষেপের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করছেন এবং এনপিটি'র অধীনে ইরানের অধিকার খর্ব করছেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, মস্কো মনে করে তেহরান এনপিটি'র ভিত্তিতে নিজেদের পারমাণবিক কর্মসূচির সমাধানে আন্তরিক।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।