‘মক্কা-মদীনা ছাড়া গোটা সৌদি আরব ধ্বংস করে দেয়া হবে’
https://parstoday.ir/bn/news/iran-i37500-মক্কা_মদীনা_ছাড়া_গোটা_সৌদি_আরব_ধ্বংস_করে_দেয়া_হবে’
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সৌদি সরকার যদি কোনো বোকামি করে তাহলে পবিত্র নগরী মক্কা ও মদীনা বাদ দিয়ে গোটা সৌদি আরব ধ্বংস করে দেয়া হবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০৮, ২০১৭ ০২:০৫ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান
    ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সৌদি সরকার যদি কোনো বোকামি করে তাহলে পবিত্র নগরী মক্কা ও মদীনা বাদ দিয়ে গোটা সৌদি আরব ধ্বংস করে দেয়া হবে।

সৌদি উপ যুবরাজ প্রিন্স মোহাম্মাদ বিন সালমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ইরানে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করার পর এক প্রতিক্রিয়ায় জেনারেল দেহকান এ সতর্কবাণী উচ্চারণ করেন।

প্রিন্স সালমান বলেছিলেন, রিয়াদ ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ হলে তা হবে ইরানের মাটিতে। তিনি বলেন, “আমরা চেষ্টা করব সৌদি আরবের পরিবর্তে যুদ্ধটা যেন ইরানে হয়।”

সালমানের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় লেবাননের টিভি চ্যানেল আল-মানারে প্রচারিত এক সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা তাদেরকে মূর্খের মতো কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানাব, কিন্তু তারপরও তারা যদি বেকুবের মতো কিছু করে বসে তাহলে মক্কা ও মদীনা ছাড়া সৌদি আরবের আর কোনো জায়গায় হামলা চালাতে আমরা বাদ রাখব না।”

ইয়েমেনে সৌদি আরবের গত দুই বছরেরও বেশি সময়ের আগ্রাসনের কথা উল্লেখ করেন জেনারেল দেহকান। ওই আগ্রাসনে অন্তত ১২,০০০ মানুষ নিহত হয়েছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সৌদি সরকার ভেবেছে তাদের একটি বিমান বাহিনী আছে বলে তারা যা খুশি তাই করতে পারে। কিন্তু ইরানের ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তিনি সতর্ক করে দেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮