ইরানের হাতে পর্যাপ্ত পরিমাণ ক্ষেপণাস্ত্র রয়েছে: জেনারেল দেহকান
https://parstoday.ir/bn/news/iran-i37578-ইরানের_হাতে_পর্যাপ্ত_পরিমাণ_ক্ষেপণাস্ত্র_রয়েছে_জেনারেল_দেহকান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, সৌদি আরব এতটাই দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে যে, তারা এখন ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে মিলে ইরান-বিরোধী ষড়যন্ত্র করছে। ইরানের বিরুদ্ধে অন্য দেশকে সঙ্গে নিয়ে এর আগেও ষড়যন্ত্র করার ইতিহাস রয়েছে বলে মন্তব্য করেন দেহকান।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০৯, ২০১৭ ১৩:৩৪ Asia/Dhaka
  • সাক্ষাৎকার দিচ্ছেন জেনারেল দেহকান (ডানে)
    সাক্ষাৎকার দিচ্ছেন জেনারেল দেহকান (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, সৌদি আরব এতটাই দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে যে, তারা এখন ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে মিলে ইরান-বিরোধী ষড়যন্ত্র করছে। ইরানের বিরুদ্ধে অন্য দেশকে সঙ্গে নিয়ে এর আগেও ষড়যন্ত্র করার ইতিহাস রয়েছে বলে মন্তব্য করেন দেহকান।

আরবি ভাষার স্যাটেলাইট চ্যানেল আল-মানারকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল দেহকান এসব কথা বলেছেন। গতকাল তার এ সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকেই সৌদি আরব তেহরানের বিরোধিতা করার জন্য আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে হস্তক্ষেপ করে আসছে।  এরই ধারাবাহিকতায় ইরানের ওপর ইরাকের স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধে বাগদাদকে সমর্থন দিয়েছে সৌদি আরব। এছাড়া, লেবাননের রাজনীতিতে সৌদি আরব হস্তক্ষেপ করছে, এজন্য তারা তাদের পছন্দের দলকে ক্ষমতায় আনার জন্য প্রচুর অর্থ খরচ করছে। সৌদি আরব এসব গ্রুপকে অস্ত্র পর্যন্ত দিচ্ছে।

জেনারেল দেহকান বলেন, ইরাক ও সিরিয়ায় সৌদি আরব কী করছে সেদিকে একটু তাকান, পাশাপাশি ইয়েমেনে তাদের ভূমিকা কী তাও দেখুন। বর্তমানে সৌদি আরব এতটাই দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে যে, তারা এখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিলে ইরান-বিরোধী ষড়যন্ত্র করছে।

ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল হামলা চালাতে পারে কিনা -এমন এক প্রশ্নের জবাবে  জেনারেল দেহকান পাল্টা প্রশ্ন করে বলেন, ২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে ৩৩ দিনের যুদ্ধ ইসরাইল কী সফলতার সঙ্গে শেষ করতে পেরেছিল? আল-মানারের সাংবাদিক আবারো প্রশ্ন করেন- যদি ইসরাইল ইরানের ওপর হমলায় চালায় তাহলে তেহরান কী করবে? জবাবে দেহকান বলেছেন, যদি পারত তাহলে ইসরাইল আগেই হামলা চালাতো। দেহকান পরিষ্কার করে বলেছেন, যেকোনো আগ্রাসনকারীর বিরুদ্ধে উপযুক্ত জবাব দেয়ার জন্য ইরানের হাতে পর্যাপ্ত পরিমাণ ক্ষেপণাস্ত্র রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯