জাতীয় নিরাপত্তার স্বার্থে ইরান সম্ভাব্য সব কিছুই করবে: দেহকান
-
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান
ইরানের জাতীয় নিরাপত্তার স্বার্থে সম্ভাব্য সব কিছুই করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহকান। এই গুরুত্বপূর্ণ ইস্যুতে অন্য কোনো পক্ষকে কোনো রকম হস্তক্ষেপ করার অনুমতি তেহরান দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি আমেরিকার অর্থ মন্ত্রণালয় ইরানের সামরিক বিভাগের দুই কর্মকর্তা, ইরানের একটি কোম্পানি ও ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজে সহায়তা দেয়ার অভিযোগে চীন-ভিত্তিক একটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর এক প্রতিক্রিয়ায় ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান আজ শুক্রবার এ মন্তব্য করেন।
আজ (শুক্রবার) সকাল থেকে শুরু হওয়া ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়ার সময় মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন। দেহকান বলেন, ওয়াশিংটনের কর্মকর্তারা ইরানের ইসলামী বিপ্লব, ইসলামী ব্যবস্থাপনা এবং তার সক্ষমতার বিরুদ্ধে এবারই প্রথমবার শত্রুতামূলক আচরণ করেন নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই নিয়ে দুই বার ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, মার্কিন কর্মকর্তারা ভালভাবেই জানেন যে ইরানের জাতীয় নিরাপত্তা ইস্যুটি আমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ।বরং ইরানের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে আমাদের সক্ষমতার সর্বোচ্চ সম্পদ আমরা ব্যবহার করব এবং এই বিষয়ে অন্যরা কি প্রতিক্রিয়া দেখাচ্ছে তা নিয়ে আমরা মোটেই ভীত নয়।
দেহকান বলেন, ক্ষেপণাস্ত্র খাতে ইরানের কর্মসূচী পরিষ্কার এবং তা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। দেশের নিরাপত্তার স্বার্থে যা কিছু করার প্রয়োজন তার সব কিছুই তেহরান করবে বলেও উল্লেখ করেন হোসেন দেহকান।#
পার্সটুডে/ বাবুল আখতার/১৯