ইরান কিংবা ব্রিটেনে হামলাকারীদের যোগসূত্র একই সূতোয় বাধা: বাহরাম কাসেমি
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইরান কিংবা যুক্তরাজ্যকে টার্গেট করে চালানো সব সন্ত্রাসীর উৎস একই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
আজ (মঙ্গলবার) ব্রিটেনের ম্যানচেস্টার সিটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার কড়া নিন্দা জানিয়েছেন তিনি। হামলায় কমপক্ষে ১৯ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। তিনি বলেন, গত ২৬ এপ্রিল ইরানের মিরজাভেহ শহরে ১১ ইরানি সীমান্তরক্ষী সেনার হত্যাকাণ্ড এবং গতকাল ব্রিটেনের কনসার্ট হলে হামলার যোগসূত্র একই।
বাহরাম কাসেমি বলেন, আমরা বিশ্বাস করি, ইরানের মিরজাভেহ শহর এবং ব্রিটেনের ম্যানচেস্টারের ঘটনায় সন্ত্রাসীদের আদর্শগত উৎস এক এবং তাদের মধ্যে হুবহু মিল রয়েছে। তবে সন্ত্রাসীদের উৎস বলতে তিনি সৌদি আরবের প্রতি ইঙ্গিত করেছেন কিনা সে সম্পর্কে কোনো ব্যাখ্যা দেন নি বাহরাম কাসেমি।
দায়েশসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে নৃসংসতা চালিয়ে আসছে তাদেরকে সৌদি আরব জোরালো মদদ দিয়ে আসছে। পাশাপাশি এসব সন্ত্রাসী গোষ্ঠী মাঝে মধ্যেই ইউরোপ এবং আমেরিকায়ও হামলা চালানোর সুযোগ পাচ্ছে।
বাহরাম কাসেমি বলেন, সব দেশের ঐক্যবদ্ধ এবং দৃঢ় প্রচেষ্টার মাধ্যমে তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্তরিকতার সঙ্গে লড়াই চালাতে হবে। সৌদি নেতৃত্ত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোটের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, সৌদি আরবের মাধ্যমেই সন্ত্রাসবাদের 'ক্যানসার' সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে।
পার্সটুডে/বাবুল আখতার/২৩