দায়েশকে অস্ত্র দিয়ে শক্তিশালী করছে বিশেষ কিছু দেশ: আলী শামখানি
-
ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদের সচিব আলী শামখানি
ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি দায়েশের পক্ষে কয়েকটি দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদের সচিব আলী শামখানি। এ অঞ্চলে বিধ্বংসী কর্মকাণ্ড পরিচালানোর জন্য এসব দেশ এ উগ্র গোষ্ঠীটিকে অস্ত্র দিয়ে সহায়তা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবের শহরে অনুষ্ঠানরত একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে শামখানি এসব মন্তব্য করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের মদদদাতা এসব দেশ হয় সরাসরি অথবা কথিত 'মধ্যপন্থি' সন্ত্রাসীদের মাধ্যমে তাকফিরি সন্ত্রাসীদের কাছে অস্ত্র হস্তান্তর করছে। ফলে উগ্র তাকফিরি দায়েশ এবং জাবহাত ফাতেহ আস শামের কাছে যেসব অস্ত্র রয়েছে তা ইরাক ও সিরিয়ার সেনাবাহিনীর চেয়ে অনেক উন্নত। সাবেক আন-নুসরা গোষ্ঠীটি সম্প্রতি জাবহাত ফাতেহ আস শাম হিসেবে আত্মপ্রকাশ করেছে।
শামখানি বলেন, ইরাক ও সিরিয়ার সরকারগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতেই তার দেশ সংশ্লিষ্ট এসব দেশের সেনাবাহিনীকে সামরিক পরামর্শ দিয়ে আসছে। দামেস্ক সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে সিরিয়ার ভূখণ্ড থেকে সন্ত্রাসীদেরকে নির্মূলে রাশিয়ার সাথে সহযোগিতা করছে ইরান। আর এর ফলে সন্ত্রাসীরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে জানান তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/২৪