‘সম্পর্কের নতুন অধ্যায় রচনা করবে ইরান-তুরস্ক’
-
টেলিফোন সংলাপে ড. রুহানি ও এরদোগান
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও প্রতিবেশী তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় রচনা করার আশা প্রকাশ করেছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বুধবার এক টেলিফোন সংলাপে এ আশা করেন। দু দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্কে বড় ধরনের উন্নয়ন ঘটবে বলেও টেলিফোন সংলাপে তারা উল্লেখ করেন।
প্রেসিডেন্ট রুহানি বলেন, গত চার বছরে ইরান ও তুরস্কের মধ্যে সম্পর্ক গভীর করার জন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছে তবে বার্ষিক বাণিজ্যের পরিমাণ তিন হাজার কোটি ডলারে নেয়ার জন্য দ্বিপক্ষীয় সম্পর্কে একটা বড় ধরনের নাড়া দেয়া প্রয়োজন। এছাড়া, দু দেশের মধ্যে ব্যাংকিং সম্পর্ক আরো জোরদার করার কথাও বলেন প্রেসিডেন্ট রুহানি।
এর পাশাপাশি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক ঘটনাবলীতে ইরান, তুরস্ক এবং রাশিয়ার মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন ইরানের প্রেসিডেন্ট।
টেলিফোন সংলাপে ড. হাসান রুহানিকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান তুর্কি প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে সবক্ষেত্রে সম্পর্ক বাড়ানোর বিষয়েও তিনি তার আগ্রহের কথা জানান। দু দেশের মধ্যকার বার্ষিক বাণিজ্যের পরিমাণ তিন হাজার কোটি ডলারে নেয়ার ব্যাপারে তিনি কোনো বাধা দেখছেন না বলে মন্তব্য করেন। সিরিয়া সংকট সমাধানের জন্য তিনি ইরান, তুরস্ক ও রাশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪