ইরানে সন্ত্রাসী হামলা: বিশ্বজুড়ে নিন্দা; আছে আমেরিকাও
https://parstoday.ir/bn/news/iran-i39694-ইরানে_সন্ত্রাসী_হামলা_বিশ্বজুড়ে_নিন্দা_আছে_আমেরিকাও
ইসলামি প্রজাতন্ত্র ইরানে গতকাল (বুধবার) সংঘটিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। হামলার বিরুদ্ধে নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, আমেরিকা, জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদ। হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ০৮, ২০১৭ ১৩:১০ Asia/Dhaka
  • বুধবারের হামলার সময়কার একটি চিত্র
    বুধবারের হামলার সময়কার একটি চিত্র

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গতকাল (বুধবার) সংঘটিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। হামলার বিরুদ্ধে নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, আমেরিকা, জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদ। হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি ইরান সরকারের কাছে পাঠানো বার্তায় দেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানে যা ঘটছে তার প্রতি তারা নিবিড়ভাবে নজর রাখছেন। সন্ত্রাসী হামলার ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠার জন্য তিনি প্রার্থনাও করেছেন।

সন্ত্রাসী হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে পাঠানো এক বার্তায় ইরানি জনগণ ও ও সরকারকে সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক ঐক্য ও সহযোগিতার গুরুত্ব পরিষ্কার হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরানকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের সংসদ ভবন ও ইমাম খোমেনীর মাজারে হামলার ঘটনার মধ্যদিয়ে এটাই পরিষ্কার হলো যে, সন্ত্রাসীরা এখনো বিরামহীনভাবে তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে রাশিয়া সবকিছু করতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হামলার নিন্দা প্রকাশ করে সন্ত্রাসের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন।   

সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, তেহরানে হামলার নিন্দা জানাচ্ছে আমেরিকা। ইরানের জনগণ ও হাতহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নয়ের্ত।

এদিকে, ইরানে হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি। এ বিষয়ে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী, প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও সংসদ স্পিকার ড. আলী লারিজানিকে আলাদা বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের হামলা ইরানকে সন্ত্রাসবাদ নির্মূলে আরো দৃঢ় করে তুলবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে বলেছে, এই দুঃসময়ে ইসলামাবাদ ইরানের জনগণের প্রতি সংহতি জানাচ্ছে। মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া ইরানের জনগণ, সরকার ও শহীদ পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

ইরানে সন্ত্রাসী হামলার পর জাতিসংঘ মহাসচিব আ্যান্টোনিও গুতেরেস নিন্দা জানানোর পাশাপাশি ইরানের জনগণ ও সরকারকে সমবেদনা জানিয়েছেন। তিনি জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলাম আলী খোশরুর সঙ্গে টেলিফোনে কথা বলেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ হামলার নিন্দা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে। নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব তোলে জাপান।

ইরানে সন্ত্রাসী  হামলার নিন্দা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনটিলোনি, আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড নালবান্দিয়ান, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী, ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম, সংসদের ডেপুটি স্পিকার শেখ হুমাম হামুদি, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, তুরস্কের উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস, তরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি, উচ্চ শান্তি পরিষদের প্রধান মুহাম্মাদ করিম খলিলি, সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। এছাড়া, নিন্দা ও সমবেদনা জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেবাস্তিয়ান কুর্জ, বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস, বাহরাইনের বিরোধী ‘ফেব্রুয়ারি ফোরটিন রেভ্যুলেশন ইয়্যুথ কোয়ালিশন’ এবং ইসলামি অ্যাকশন সোসাইটি, আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, জর্জিয়া, আয়ারল্যান্ড, লিথুয়ানিয়া, কাতার, চেক রিপাবলিক, ব্রাজিল, জর্দান এবং ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দি অঞ্চলের সরকার।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮