তাকফিরি জঙ্গিদের পরাজয় অবশ্যম্ভাবী: ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইরাকের কারবালা প্রদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র্র নিন্দা জানিয়েছে ইরান। সেইসঙ্গে তেহরান দৃঢ়তার সঙ্গে বলেছে, উগ্র তাকফিরি সন্ত্রাসীরা শিগগিরই পরাজিত হবে।
কারবালা থেকে ৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত মোসাইয়েব শহরের একটি ব্যস্ত বাজারে শুক্রবার শক্তিশালী বোমা বিস্ফোরণে ৩১ জন নিহত ও ৩৫ জন আহত হওয়ার পর তেহরান এ প্রতিক্রিয়া জানাল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, “ইরাক ও সিরিয়ায় চরম মার খাওয়ার পর দায়েশ সন্ত্রাসীরা এখন অস্তিত্ব রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছে।” শুক্রবার বেসামরিক মানুষদের ওপর হামলা এই বক্তব্যের সত্যতা ফুটিয়ে তুলেছে বলে তিনি উল্লেখ করেন।
কাসেমি বলেন, সিরিয়া ও ইরাকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ তাদের সদস্যদের মনোবল চাঙ্গা করতেই মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। “তবে এরপরও তাকফিরি জঙ্গিরা নির্মূল হবে” বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
কাসেমি বলেন, ইরাক ও সিরিয়ার সরকারি বাহিনী তাকফিরি জঙ্গিদের বিরুদ্ধে যে লড়াই করছে তাতে অংশগ্রহণ করে এই ভয়ঙ্কর গোষ্ঠিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার আগ পর্যন্ত তেহরান সহযোগিতা করে যাবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০