তেহরানে হামলার পেছনে সৌদি আরবই প্রধান সন্দেহভাজন: আব্দুল্লাহিয়ান
-
হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
সম্প্রতি তেহরানে সন্ত্রাসী হামলার ঘটনায় সৌদি আরবকে প্রধান সন্দেহভাজন হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের একজন কর্মকর্তা। ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ অভিযোগ করেছেন।
আজ (বুধবার) এক টুইটবার্তায় তিনি বলেন, সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান এবং আমেরিকায় দীর্ঘদিন ধরে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালন করা বন্দর বিন সুলতান লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত ইরানি দূতাবাসে সন্ত্রাসী হামলার নির্দেশ দিয়েছিলেন। সেসময় ইরান দূতাবাসের কাছে জোড়া বোমা বিস্ফোরণ ঘটলে ইরানের কালচারাল অ্যাটাশেসহ প্রায় দুই ডজন ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি ১৫০ জন আহত হয়েছিলেন। তেহরানের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পিছনে সৌদি আরবের হাত থাকার সম্ভাবনা বেশি বলে মন্তব্য করেন আমির আব্দুল্লাহিয়ান।
গত বুধবার তেহরানে ইরানের সংসদ ভবন ও ইমাম খোমেনী (রহ.)’র মাজারে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হামলায় ১৭ ব্যক্তি শহীদ ও ৫২ জন আহত হন।সৌদি আরবের ওহাবি মতবাদের অনুসারি তাকফিরি দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
কয়েক মাস আগে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। তেহরানে এমন সময় হামলা চালানো হলো যখন দেশটিরি শীর্ষ স্থানীয় কর্মকর্তারা সম্প্রতি ইরান বিরোধী বক্তব্য বাড়িয়ে দিয়েছেন।সৌদি উপ যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ইরানের অভ্যন্তরে নিরাপত্তাহীনতা ঢুকিয়ে দেয়ার হুমকি দিয়েছিলেন।#
পার্সটুডে/বাবুল আখতার/১৪