বিপ্লবী গার্ড বাহিনীর ৩ সদস্য আটকের দাবি সৌদির; ইরানের প্রত্যাখ্যান
-
মাজিদ আগা বাবায়ি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র তিন সদস্যকে আটকের বিষয়ে সৌদি আরব যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত বিষয়ক মহাপরিচালক মাজিদ আগা বাবায়ি গতকাল (সোমবার) সাংবাদিকদের জানান, ইরানের সামরিক ব্যক্তিদের আটকের বিষয়ে সৌদি আরবের দাবি সম্পূর্ণ মিথ্যা।
এর আগে, গতকাল দিনের প্রথম দিকে সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে, তারা আইআরজিসি’র তিন সদস্যকে আটক করেছে। ইরানের এসব সেনা পারস্য উপসাগর তীরবর্তী সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলস্থাপনায় হামলার পরিকল্পনা করছিল। সৌদি বিবৃতিতে বলা হয়- ইরানের বিপ্লবী সেনারা একটি নৌযানে করে বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে মারজান তেলক্ষেত্রে হামলার জন্য সাগরে অবস্থান করছিল।
এর আগে সৌদি উপকূলরক্ষীরা গুলি চালিয়ে পারস্য উপসাগরে ইরানের একজন জেলেকে হত্যা করেছে। তারপর সৌদি আরব আইআরজিসি’র তিন সদস্যকে আটক ও তাদের হামলা পরিকল্পনার অভিযোগ আনলো। ইরানি কর্মকর্তারা মনে করছেন, জেলে হত্যার ঘটনা ধামাচাপা দিতে সৌদি আরব পরিকল্পিতভাবে সাজানো এ অভিযোগ তুলেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০