সৌদি আরবের প্রতিটি কর্মকাণ্ড ইসরাইলের স্বার্থ রক্ষা করছে: ইরান
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ওৎপ্রোতভাবে কাজ করার জন্য সৌদি আরবের কড়া সমালোচনা করেছেন ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি। লারিজানি বলেন, মধ্যপ্রাচ্যে রিয়াদের প্রতিটি কর্মকাণ্ড ইসরাইলের স্বার্থ রক্ষা করছে এবং মুসলিম দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করছে।
গতকাল (সোমবার) তেহরানে মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন লারিজানি। তিনি বলেন, আমরা অনেকভাবে সৌদি আরবকে বোঝানোর চেষ্টা করেছি যে, তাদের নেতিবাচক কর্মকাণ্ড মুসলিম উম্মাহকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু তারা প্রতিদিন মুসলিম জাতিগুলোর বিরুদ্ধে বিষোদগার করছে এবং মুসলিম দেশগুলোর স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।
আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সৌদি আরব খুবই অসৌজন্যমূলক নীতির চর্চা করে আসছে- এ কথা উল্লেখ করে লারিজানি বলেন, সৌদি আরব সিরিয়ার সন্ত্রাসীদেরকে মদদ দিচ্ছে, ইয়েমেনকে নিজেদের তাবেদার রাষ্ট্র বানাতে দেশটির ওপর অব্যাহতভাবে আগ্রাসন চালিয়ে আসছে, বাহরাইনে সহিংসতা উস্কে দিচ্ছে এবং এখন তারা কাতারকেও টার্গেট করেছে।
ইরানের এ নেতা আরো বলেন, মূলত সৌদি আরবের প্রতিটি কর্মকাণ্ড ইসরাইলের স্বার্থ রক্ষা করছে। লারিজানি বলেন, রিয়াদ সন্ত্রাসীদেরকে লালন পালন করছে এবং এমনকি আন-নুসরার মতো উগ্র সন্ত্রাসী গোষ্ঠীকে তারা অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা দিচ্ছে। বড় ধরনের কোনো ফাঁদে না পড়তে মুসলিম দেশগুলোকে এসময় সতর্ক করে দেন ইরানের এ শীর্ষস্থানীয় সংসদ সদস্য।#
পার্সটুডে/বাবুল আখতার/২০