সন্ত্রাসীদের প্রতি দাঁত ভাঙা জবাব এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে: আইআরজিসি
-
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরিফ
উগ্র সন্ত্রাসীদের সম্ভাব্য অপতৎপরতার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। তেহরানে সন্ত্রাসীদের জোড়া হামলার প্রতিশোধ হিসেবে সিরিয়ায় দায়েশের অবস্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কয়েক দিন পর এ ঘোষণা দিল আইআরজিসি।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি রোববার রাতে সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে দায়েশের এক ঘাঁটিতে ছয়টি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের রাজধানী তেহরানে গত ৭ জুন দায়েশের সন্ত্রাসী হামলায় ১৮ জনের শাহাদাতের প্রতিশোধ নিতে ওই হামলা চালায় আইআরজিসি।
সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশের আল-মায়াদিন শহরে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের ঘাঁটিতে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতেই অন্তত ৫০ সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত এসব জঙ্গির মধ্যে ছয়জন ছিল লিবিয়ার নাগরিক। এ ছাড়া আবু আসেম আল-লিবি এবং আব্দুল কাদের আল-ফারানি’র মতো কয়েকজন জঙ্গি কমান্ডারও এ হামলায় নিহত হয়েছে।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরিফ বলেন, 'শত্রুদের আচরণের ওপর নির্ভর করবে যে, তাদের ওপর পরবর্তীতে আরো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে কিনা। তারা যা করবে এর বিপরীতে দাঁত ভাঙা জবাব কি হবে তা এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং তা প্রয়োগ করতে মোটেও দেরি করবে না ইরান।' আজ (বুধবার) তাসনিম সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।
অত্যন্ত শক্তিশালী প্রতিশোধমূলক হামলা সন্ত্রাসী এবং তাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক মদদদাতাদের পাশাপাশি যারা ইরানের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করবে তাদের জন্য একটি স্পষ্ট বার্তা বলেও মন্তব্য করেন জেনারেল শরিফ।#
পার্সটুডে/বাবুল আখতার/২১