আটক ৩ জেলেকে দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানাল ইরান
ইরান আটক তিন জেলেকে দ্রুত মুক্তি দেয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে। সাগর উত্তাল থাকার কারণে সৌদি পানিসীমার ভেতরে চলে যেতে বাধ্য হয় ইরানি জেলেদের কয়েকটি নৌকা। এরপরই তাদেরকে আটক করে দেশটির কোস্টগার্ড।
জেলেদের ফেরত দেয়ার আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্যও সৌদি আরবের প্রতি আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে। এ ছাড়া, আটক জেলেদের ক্ষতিপূরণ দেয়ার এবং তাদের আটকের সঙ্গে জড়িতদের শাস্তি দেয়ার আহ্বানও জানানো হয়েছে।
গত সপ্তাহে মাছ ধরার লাইসেন্সধারী তিনটি ইরানি নৌকা দক্ষিণাঞ্চলীয় বন্দর বুশেহের থেকে যাত্রা করেছিল বলে জানানো হয়েছে। উত্তাল সাগরের বিশাল ঢেউ এসব নৌকাকে সৌদি পানিসীমার ভেতর ঠেলে দেয়। এরপর একটি নৌকা ইরানি পানিসীমায় ফিরে আসতে সক্ষম হলেও অন্য দু’টি নৌকা টেউয়ের মুখে সৌদি এলাকার ভেতরই থেকে যায়।#
দুই নৌকার জেলেরা জানতেনই যে তারা সৌদি এলাকার মধ্যে রয়েছে। অবশ্য এটি জানা থাকলেও সাগরের ঢেউয়ের মুখে অসহায় জেলেদের পক্ষে কিছুই করা সম্ভব ছিল না। টেউয়ের মুখে নৌকার ওপর তাদের কোনো নিয়ন্ত্রণই ছিল না।
এ সময় সৌদি কোস্টগার্ডের তাজা গুলির মুখে পড়েন তারা। এতে একজন জেলে নিহত হন। নিহত জেলের নাম মাহমুদ সিয়ামার এবং আটক তিন জনের নাম হোসেইন আসলানি, সোহরাব আহসান এবং হোসেইন জায়েরি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরো বলা হয়, সাগরে এ ধরণের সীমান্ত অতিক্রমের ঘটনা অহরহই ঘটছে। গত একমাসে ইরানি পানি সীমায় ১৭ দফা এ রকম অনুপ্রবেশ ঘটেছে বলেও এতে জানানো হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২১