বাহরাইন অভ্যন্তরীণ সংকট ধামাচাপা দেয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে: ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
বাহরাইনের অভ্যন্তরীণ সংকটের সঙ্গে ইরানকে জড়িয়ে ফেলার যে চেষ্টা মানামা করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, এর মাধ্যমে বাহরাইনের অভ্যন্তরীণ সংকট ধামাচাপা দেয়ার ব্যর্থ চেষ্টা চালিয়েছে মানামা।
বাহরাইনের জন নিরাপত্তা বিভাগের প্রধান মেজর জেনারেল তারিক আল-হাসান বৃহস্পতিবার দাবি করেছিলেন, তার দেশের নিরাপত্তা বাহিনী একটি সন্ত্রাসী হামলা প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। নিরাপত্তা বাহিনী সেদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় দাইর গ্রামে অভিযান চালিয়ে একটি অস্ত্রের গুদাম আবিস্কার করেছে বলেও তিনি জানান।
আল-হাসান দাবি করেন, এই সন্ত্রাসী চক্রের সঙ্গে তেহরানের সম্পর্ক রয়েছে।
তার এ দাবির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, বাহরাইন সরকার প্রায়ই নিজ দেশের একদল নাগরিককে গ্রেফতার করার পর দাবি করে, তারা সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে এবং এসব সন্ত্রাসীর সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে। কিন্তু এসব দাবি কখনোই প্রমাণ করতে পারেনি মানামা।
কাসেমি আরো বলেন, আন্তর্জাতিক সমাজ একথা ভালো করে জানে যে, বাহরাইনে গত ছয় বছর ধরে যে সংকট চলছে তার উৎপত্তি হয়েছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নৃশংসভাবে জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করার কারণে।
তিনি বাহরাইন সরকারের নিজের পক্ষ থেকে সৃষ্ট সংকটের জন্য প্রতিবেশী দেশগুলোকে দায়ী করা থেকে বিরত থাকার জন্য আলে-খলিফা সরকারের প্রতি আহ্বান জানান। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১