'সিরিয়ায় মার্কিন হস্তক্ষেপ রুখে দিতে প্রয়োজন তেহরান-মস্কোর ঘনিষ্ঠ যোগাযোগ'
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি
সিরিয়ার আভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হঠকারিমূলক হস্তক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। সিরিয়া সংকটে আমেরিকার হস্তক্ষেপমূলক নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠের সম্পর্কের প্রতি জোর দিয়েছেন তিনি।
আজ (মঙ্গলবার) তার সমকক্ষ রুশ কর্মকর্তা নিকোলাই পেট্রোসেভের সঙ্গে টেলিফোনালাপে আলী শামখানি বলেন, "সিরিয়া বিষয়ে মার্কিন হঠকারি সিদ্ধান্ত গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে এবং উগ্র সন্ত্রাসীদের হাতকে আরো শক্তিশালী করবে।সিরিয়ায় অবৈধ মার্কিন হস্তক্ষেপ এবং দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতার ওপর যেকোনো আঘাত মোকাবেলার লক্ষ্যে তেহরান ও মস্কোর মধ্যে আরো সমন্বয় বাড়াতে হবে।"
তিনি বলেন, উগ্র তাকফিরি সন্ত্রাসীদের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করার পাশাপাশি সিরিয়ায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়াশিংটন সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানে হামলা চালাচ্ছে। আমেরিকার এ ধরনের তৎপরতা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবের পাশাপাশি জাতিসংঘের ঘোষণার স্পষ্ট লঙ্ঘন।
গত কয়েক মাসে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক সামরিক জোট মিথ্যা অভিযোগ তুলে সিরিয়ার সামরিক বাহিনীর অবস্থানে বিমান হামলা চালিয়েছে। মার্কিন বাহিনীর প্রতি হুমকি সৃষ্টি করায় এসব হামলা চালানো হয়েছে বলে জোটের পক্ষ থেকে দাবি করা হয়। তবে দামেস্ক এসব অভিযোগ অস্বীকার করেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৪