মার্কিন নিষেধাজ্ঞা ‘সস্তা ও মূল্যহীন’: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/iran-i42396-মার্কিন_নিষেধাজ্ঞা_সস্তা_ও_মূল্যহীন’_ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়
মার্কিন সরকারের ইরান বিরোধী নয়া নিষেধাজ্ঞাকে ‘সস্তা ও মূল্যহীন’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটি মার্কিন নাগরিকদের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৯, ২০১৭ ০২:৪৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

মার্কিন সরকারের ইরান বিরোধী নয়া নিষেধাজ্ঞাকে ‘সস্তা ও মূল্যহীন’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটি মার্কিন নাগরিকদের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করবে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার ইরানের ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর নিন্দা জানায়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানসহ অন্যান্য মুসলিম দেশের বিরুদ্ধে বিদ্বেষী পদক্ষেপ গ্রহণকারী মার্কিন নাগরিকদের বিরুদ্ধে একই ধরনের পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করবে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অচিরেই তেহরানের নয়া নিষেধাজ্ঞার আওতায় আসা মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করা  হবে।

এদিকে ইরানের জাতীয় সংসদ মঙ্গলবার একটি প্রস্তাব পাস করে মার্কিন সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে মধ্যপ্রাচ্যে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সমর্থক হিসেবে উল্লেখ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মঙ্গলবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, এবারের নিষেধাজ্ঞায় ইরানের ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কোনো সম্পদ আমেরিকায় থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি কোনো মার্কিন নাগরিক তাদের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করতে পারবে না।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯