কারো রক্তচক্ষুকে ভয় পায় না ইরান: ওয়াশিংটনকে তেহরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইরানের ব্যাপারে মার্কিন সরকারের সাম্প্রতিক এক বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য ও হস্তক্ষেপমূলক’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, দেশটি সম্পর্ক কথা বলতে গেলে মার্কিন রাজনীতিবিদদের উচিত এদেশের জনগণের প্রতি সম্মান জানিয়ে কথা বলা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, “ইরান বহুবার প্রমাণ করেছে সে কোনো ধরনের চোখ রাঙানির কাছে নতি স্বীকার করে না। কাজেই মার্কিন নেতাদের উচিত সভ্যতার অধিকারী ইরানি জাতির সঙ্গে শ্রদ্ধাবোধ বজায় রেখে কথা বলা।”
ইরানে আটক সব মার্কিন নাগরিকদের মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা না হলে তেহরানকে ‘কঠিন পরিস্থিতির’ মুখোমুখি হতে হবে বলে হোয়াইট হাউজ হুমকি দেয়ার পর কাসেমি এ প্রতিক্রিয়া জানালেন। হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের নাগরিকদের মুক্তি দেয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ১০ বছর ধরে ইরানের কারাগারে আটক সাবেক মার্কিন নিরাপত্তা কর্মকর্তা রবার্ট লেভিনসনকে মুক্তি দিয়ে আমেরিকায় ফেরত পাঠাতে হবে। এছাড়া, ওবামা প্রশাসনের সময় আটক সিয়ামাক ও বাকের নামাযিসহ ইরানে আটক সমস্ত মার্কিন নাগরিকের মুক্তি দাবি করা হয়েছে এ বিবৃতিতে।
এ সম্পর্কে কাসেমি বলেন, ওয়াশিংটন যাদেরকে মুক্তি দিতে বলছে, তারা ইরানের আইনে শাস্তি পেয়েছেন এবং শাস্তি শেষ হলেই কেবল তারা মুক্তি পাবে। ইরানের সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না বলেও তিনি জানান। এ ছাড়া, হোয়াইট হাউজ যে লেভিনসনের কথা বলেছে, সে কয়েক বছর আগে ইরান ত্যাগ করেছে এবং তার সম্পর্কে তেহরানের কাছে কোনো তথ্য নেই বলে তিনি জানান।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩