উচ্চগতির বৈদ্যুতিক রেলের জন্য চুক্তি সই করল ইরান-চীন
উচ্চগতির বৈদ্যুতিক রেললাইন বসানোর জন্য চীনের সঙ্গে দেড়শ কোটি ডলারের চুক্তি সই করেছে ইরান। রাজধানী তেহরান এবং পবিত্র নগরী মাশহাদের মধ্যে উচ্চগতির বিদ্যুৎ-রেল লাইন বসানোর জন্য এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক বা এক্সিমের সঙ্গে এ চুক্তি সই করা হয়েছে।
এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সুন পিং এবং ইরানের ব্যাংক অব ইন্ডাট্রিস অ্যান্ড মাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আশরাফ আফখামি এ চুক্তি সই করেন। ১৬ মাস ধরে ব্যাপক আলোচনার পর চুক্তিটি সই হলো।
চীনা বিনিয়োগের ক্ষেত্রে ইরান সরকারের পক্ষে নিশ্চয়তা দেবে ইরানি ব্যাংক। দেড় বছর আগে পরমাণু সমঝোতা সইয়ের পর রেল চুক্তি করার ঘটনাকে অন্যতম উল্লেখযোগ্য বিষয় হিসেবে মন্তব্য করেছেন আফখামি।
৯২৬ কিলোমিটার দীর্ঘ রেললাইনে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য কাজ করছে চীনের ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন। ইসলামিক রিপাবলিক অব ইরান রেলওয়ে বা আইআরআইআরের সঙ্গে অংশিদারিত্বের ভিত্তিতে এ কাজ চলছে।
আগামী ১০ বছরে ২,৫০০ কোটি ডলার ডলার ব্যয়ে দেশের রেলওয়ের বিস্তার এবং আধুনিকীকরণের পরিকল্পনা নিয়েছে ইরান।#
পার্সটুডে/মূসা রেজা/২৫