সিরিয়া নিয়ে সহযোগিতা অব্যাহত রাখতে হবে: ইরান-রাশিয়া
ইরান ও রাশিয়া সিরিয়ার নিয়ে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছে। চলমান শান্তি প্রক্রিয়ার স্বার্থে এ সহযোগিতা অব্যাহত রাখতে হবে বলে দেশ দু’টির উচ্চ পদস্থ কূটনীতিবিদরা মনে করেন।
মস্কোয় ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনসারি এবং রুশ প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক দূত ও উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভের মধ্যে আলোচনার সময় এ কথা বলা হয়। কাজাখিস্তানের রাজধানী আস্তানায় জানুয়ারি মাসের বৈঠকের মাধ্যমে সিরিয়া সংক্রান্ত শান্তি প্রক্রিয়ার শুরু হয়।
রাশিয়া, ইরান এবং তুরস্ক প্রায় গোটা সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করেছে। গত বছরের শেষ দিক থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। জাতিসংঘ পরে এ যুদ্ধবিরতিকে অনুমোদন করেছে।
মস্কো বৈঠকে ইরানি প্রতিনিধি দলের প্রধান জাবেরি আনসারি সিরিয়ায় ত্রাণ বিতরণের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া, সিরিয়ার সংকট উত্তর পরিস্থিতি নিয়ে দৃষ্টিভঙ্গি তুলে ধরা ও বাস্তুচ্যুতদের নিজ নিজ ঘরবাড়িতে ফিরে আসার ওপরও গুরুত্ব দেন তিনি।
সিরিয়া পুনর্গঠনের ওপর জোর দেন তিনি। তিনি বলেন, সব দিক বিবেচনা করে তিন দেশ এ সম্পর্কে সেরা পথই বেছে নেবে।
বোগদানোভ বলেন, সিরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেখানে বৈরিতার অবসান ঘটাতে মস্কো এবং তেহরান তাদের মধ্যে সমন্বয় অব্যাহত রাখবে।
এ ছাড়া, আস্তানা এবং জেনেভায় সিরিয়া বিষয়ক গুরুত্বপূর্ণ তৎপরতার ক্ষেত্রে ইরানের ভূমিকাকে স্বাগত জানান তিনি।#
পার্সটুডে/মুসা রেজা/২