ইরানের বিরুদ্ধে নতুন করে হুমকি দিল দায়েশ
-
নতুন ভিডিও বার্তা প্রকাশ করে ইরানকে হুমকি দিয়েছে দায়েশ
উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ ইরানের বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়েছে। এই গোষ্ঠী এক ভিডিও বার্তা প্রকাশ করে ইরানে সন্ত্রাসী হামলা চালানোর জন্য নিজ সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে। দায়েশ এমন সময় এ হুমকি দিল যখন এ গোষ্ঠী ইরাক ও সিরিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করছে।
ওই ভিডিও বার্তায় দায়েশ বলেছে, যেসব জঙ্গি ইরাক ও সিরিয়ায় এই গোষ্ঠীর মূল দলে যোগ দিতে না পারবে তারা যেন ইরানের ভেতরে সন্ত্রাসী হামলা চালায়। ভিডিওতে ইরানের রাজধানী তেহরানে দায়েশের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কিছু ছবিও প্রকাশ করা হয়।
গত ৭ জুন বুধবার ইরানের পার্লামেন্ট ভবন ও ইমাম খোমেনী (রহ.)’র মাজারে আলাদা সন্ত্রাসী হামলা চালায় দায়েশ। দু’টি হামলায় ১৮ জন নিহত ও আরো বহু লোক আহত হন। ওই হামলার প্রতিক্রিয়ায় ১৮ জুন রোববার সিরিয়ার দেইর আযযোর প্রদেশে দায়েশের কমান্ড সেন্টারে ছয়টি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।
এসব ক্ষেপণাস্ত্র ৬৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং তাকফিরি জঙ্গিদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০