সর্বশেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত ইরানের সেনাবাহিনী থামবে না: কাসেম সুলাইমানি
-
মেজর জেনারেল কাসেম সুলাইমানি (মাঝে)
মুসলিম বিশ্ব থেকে সর্বশেষ সন্ত্রাসীকে নির্মূল না করা পর্যন্ত তার দেশের নিরাপত্তা বাহিনী কোনো বিশ্রাম নেবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানি। সিরিয়ায় তাকফিরি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ইরানের সেনাবাহিনীর একজন উপদেষ্টা শহীদ হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ হুঁশিয়ারি দেন।
গতকাল (বৃহস্পতিবার) ইরানের তাসনিম সংবাদ সংস্থাকে দেয়া এক বিবৃতিতে জেনারেল কাসেম সুলাইমানি এ প্রত্যয় ব্যক্ত করেন।
দায়েশ বিরোধী লড়াইয়ে সিরিয়ায় সামরিক পরামর্শ ও সহযোগিতার সঙ্গে জড়িত ইরানের সেনাবাহিনীর সদস্য মোহসেন হোজাজিকে দেশটির ইরাক সীমান্ত থেকে তাকফিরি গোষ্ঠী দায়েশ গত সোমবার পণবন্দি করে বলে খবর বের হয়। এর দুদিন পর দায়েশের হাতে তিনি শহীদ হন।
জেনারেল সুলাইমানি বলেন, আন্তর্জাতিকভাবে ঘৃণিত তাকফিরি-ওহাবি সন্ত্রাসী গোষ্ঠীটি যখন কয়েকটি ফ্রন্টে চরম বিপর্জয়ের মুখোমুখি হয়েছে তখন তাদের এ নৃসংশ ও অমানবিক অপরাধযজ্ঞের খবর এলো। বিবৃতিতে তিনি আরো বলেন, ইসলামে এমনকি মানবাধিকারের কোনো আইনেও নৃশংসতার কোনো স্থান নেই।
তিনি বলেন, তাকফিরি সন্ত্রাসীদের এসব বর্বরোচিত অপরাধযজ্ঞ মুসলিম দেশগুলোর প্রতি ইঞ্চি ভূমি থেকে সন্ত্রাসীদেরকে নির্মূল করতে ইরানের সেনাবাহিনীর দৃঢ়চেতা মনোবলে কোনো ফাটল ধরাতে পারবে না।#
পার্সটুডে/বাবুল আখতার/১১