সিরিয়া সংকট ও পরমাণু সমঝোতা নিয়ে রুহানি-পুতিন টেলিফোন সংলাপ
https://parstoday.ir/bn/news/iran-i44164-সিরিয়া_সংকট_ও_পরমাণু_সমঝোতা_নিয়ে_রুহানি_পুতিন_টেলিফোন_সংলাপ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী বিশেষ করে সিরিয়ার চলমান সংকট এবং ইরানের পরমাণু সমঝোতা নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১৪, ২০১৭ ২০:৫৮ Asia/Dhaka
  • সিরিয়া সংকট ও পরমাণু সমঝোতা নিয়ে রুহানি-পুতিন টেলিফোন সংলাপ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী বিশেষ করে সিরিয়ার চলমান সংকট এবং ইরানের পরমাণু সমঝোতা নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন।

টেলিফোন সংলাপে প্রেসিডেন্ট রুহানি ইরান ও রাশিয়ার মধ্যকার চমৎকার সম্পর্কের কথা উল্লেখ তা আরো শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন। এ সময় তিনি বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক খাতে সম্পর্ক বাড়ানোর কথা বলেন। হাসান রুহানি বলেন, ইরানের তেল ও জ্বালানি খাতের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের অবকাঠামো নির্মাণে রুশ বিনিয়োগকারীদের সক্রিয় উপস্থিতিকে তেহরান স্বাগত জানায়।

মধ্যপ্রাচ্য অঞ্চলের চলমান পরিস্থিতি উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান ও রাশিয়ার এ বিষয়ে বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আরো বেশি পরামর্শ করা উচিত। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার কথা উল্লেখ করে তিনি বলেন, এ চুক্তি সই হয়েছিল বহুপক্ষীয়ভাবে এবং মার্কিন সরকারের সাম্প্রতিক পদক্ষেপে পরমাণু সমঝোতা লঙ্ঘন ঘটেছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইরানের অবকাঠামো খাতের প্রকল্প বাস্তবায়নে রুশ বিনিয়োগকারীরা আগ্রহী এবং তিনি এসব প্রকল্পে অংশ নেয়ার বিষয়ে আগে সই হওয়া চুক্তিগুলো বাস্তবায়নের তাগিদ দেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে তেহরান ও মস্কোর মধ্যে সম্পর্ক গড়ে ওঠার গুরুত্বারোপ করেন#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪