আমরা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন হওয়ার নীতি ভুলে গেছি: সর্বোচ্চ নেতা
-
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পবিত্র হজে সমবেত হাজিদের উদ্দেশে বাণী দিয়েছেন। বাণীতে তিনি মুসলিম দেশগুলোতে দ্রুত যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন।
এবারের হজবাণীতে তিনি বলেছেন, আধিপত্যকামী শক্তিগুলোর নীতি আর কর্মসূচি মুসলমানদের মধ্যে ফেতনা ও বিভেদের আগুন ছড়ানোর কাজে ব্যস্ত রয়েছে। তারা এমন সব কাজ করছে যাতে মুসলিম দেশগুলোকে নিরাপত্তাহীনতা ও মতবিরোধের জাহান্নামে পরিণত করা যায়। মুসলিম উম্মাহর এই দুই বিশাল রোগ থেকে আরোগ্য লাভের ওষুধ হতে পারে পবিত্র হজ।
সর্বোচ্চ নেতা বলেন, “মুসলিম বিশ্ব আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই নিরাপত্তাহীনতা একদিকে নৈতিক, অন্যদিকে আধ্যাত্মিক। রাজনৈতিক নিরাপত্তাহীনতাও মুসলিম বিশ্বকে গ্রাস করে আছে। এইসব নিরাপত্তাহীনতার অন্যতম কারণ হলো আমাদের উদাসীনতা এবং শত্রুদের নির্দয় আক্রমণ।”
তিনি আরো বলেন, “আমরা দুর্নীতিবাজ শত্রুদের আক্রমণ মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের দ্বীনি দায়িত্ব ঠিকমতো পালন করি নি এবং বিচার-বুদ্ধিকেও সঠিকভাবে কাজে লাগাই নি। আমরা কাফেরদের বিরুদ্ধে আপোশহীন হওয়ার নীতি ভুলে গেছি, আবার নিজেদের মধ্যে পরস্পরে দয়া পরবশ হওয়ার শিক্ষাও ভুলে গেছি। এর পরিণতিতে ইহুদিবাদী শত্রুরা মুসলিম বিশ্বের মানচিত্রের একেবারে হৃদয়ের মাঝে ফেতনা-ফাসাদ সৃষ্টি করেই যাচ্ছে। আর আমরাও ফিলিস্তিনীদের মুক্তির ব্যাপারে আমাদের অবশ্য করণীয় দায়িত্ব পালনে উদাসীন রয়েছি। আমরা সিরিয়ায়, ইরাকে, ইয়েমেনে, লিবিয়ায়, বাহরাইনে গৃহযুদ্ধে জড়িয়ে রয়েছি, আবার পাকিস্তান ও আফগানিস্তানে সন্ত্রাসবাদের মোকাবেলা করে যাচ্ছি। এ ব্যাপারে মুসলিম দেশগুলোর নেতারা এবং মুসলিম বিশ্বের সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক বিশেষজ্ঞদের ব্যাপক দায়দায়িত্ব রয়েছে।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১