ইরান-বিদ্বেষ ছড়ানোর লক্ষ্যেই নিষেধাজ্ঞা: কাসেমি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইরানের সাত ব্যক্তি ও দু’টি কোম্পানির ওপর আমেরিকা নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ইরান-আতঙ্ক ও ইরান-বিদ্বেষ ছড়িয়ে দেয়ার যে কৌশল আমেরিকা নিয়েছে তারই অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মার্কিন অর্থ বিভাগ বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্ক রাখার পাশাপাশি কথিত সাইবার অপরাধের অজুহাতে ওইসব ইরানি ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি রোববার তেহরানে বলেন, এমন সময় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যখন গত কয়েক বছরে ইরানে বহু সংস্থা ও সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে আমেরিকা। তিনি সাইবার অপরাধের জন্য ইরানি নাগরিকদের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
কাসেমি বলেন, ইরান আমেরিকার সাম্রাজ্যবাদী ও আধিপত্যকামী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছে ওয়াশিংটন। তিনি তেহরানের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞার পুনরাবৃত্তির ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেন, মার্কিন নীতি নির্ধারকদের উচিত তাদের প্রমাণিত ভুল ও ব্যর্থ নীতি পরিহার করে বিশ্বের দেশগুলোর সঙ্গে সঠিক, বুদ্ধিদীপ্ত ও প্রজ্ঞাপূর্ণ আচরণ করা।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮