ট্রাম্পের গলাবাজি ইসলামি শাসন ব্যবস্থার ক্ষতি করতে পারবে না: সালামি
-
হোসেইন সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র ভারপ্রাপ্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হৈচৈ ও গলাবাজি ইসলামি শাসন ব্যবস্থার মর্যাদা ও গ্রহণযোগ্যতা ক্ষুন্ন করতে পারবে না। আজ (মঙ্গলবার) ইরানের উত্তরে রাশ্ত এলাকায় ইমাম খামেনেয়ি নৌ বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষা কোর্স উদ্বোধনকালে তিনি এ কথা বলেছেন।
তিনি আরও বলেছেন, ট্রাম্পের নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী বিশ্বের গলাবাজির মাধ্যমে কখনোই ইরানি জনগণের দৃঢ়তা এবং আইআরজিসি'র সামরিক সক্ষমতা নষ্ট করা যাবে না। ব্রিগেডিয়ার জেনারেল সালামি বলেন, এখন পাশ্চাত্যের অনেক দেশও ট্রাম্পের আধিপত্যকামী নীতির বিরোধিতা করছে। এর মধ্যদিয়ে এটাই প্রমাণিত হয় যে, বিশ্বের রাজনীতিতে মৌলিক পরিবর্তন এসেছে।
আইআরজিসি'র ভারপ্রাপ্ত প্রধান বলেন, সাম্রাজ্যবাদী শক্তি সামরিক উপায়ে ইরানের ক্ষতি করতে ব্যর্থ হওয়ার পর অর্থনৈতিক অঙ্গনে আঘাত হানার চেষ্টা করছে। ইরানের সর্বোচ্চ নেতার প্রতিরোধমূলক অর্থনীতি সংক্রান্ত দিক-নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমেই কেবল মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলা করা সম্ভব।
গত ১৩ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ করেছেন। তিনি আইআরজিসি'র বিরুদ্ধে নতুনকরে নিষেধাজ্ঞাও আরোপ করেছেন। সিরিয়া ও ইরাকে সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আইআরজিসি। রাষ্ট্রীয় আহ্বানে সাড়া দিয়ে আইআরজিসি'র পক্ষ থেকে ওই দুই দেশে সামরিক উপদেষ্টা পাঠানো হয়েছে। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬