হুমকি দিয়ে লাভ নেই, ক্ষেপণাস্ত্র শক্তি বাড়তেই থাকবে: আইআরজিসি
-
আইআরজিসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদ্বেষী নীতি এবং ইরানি জনগণের বিরুদ্ধে তার অপমানসূচক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
আজ (বৃহস্পতির) এক বিবৃতিতে আইআরজিসি প্রত্যয় ব্যক্ত করে বলেছে, শত্রুদের নানা ষড়যন্ত্রের মোকাবেলায় তারা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ানোর ধারা অব্যাহত রাখার পাশাপাশি আঞ্চলিক ইস্যুতে ভূমিকা পালন করেই যাবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, "আইআরজিসি ইরানি জনগণের জাতীয় নিরাপত্তা সুরক্ষায় কোনো আপোস করবে না। পাশাপাশি আর্ন্তজাতিক ইহুদিবাদীদের দুষ্ট চক্র এবং বিশ্বের বলদর্পী শাসন ব্যবস্থার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।"
ইরানের এ বিশেষায়িত বাহিনী জোর দিয়ে আরো বলেছে, "তেহরানের বিরুদ্ধে চাপিয়ে দেয়া কঠিন নিষেধাজ্ঞার ফসল হচ্ছে আঞ্চলিক ক্ষেত্রে ইসলামি ইরানের প্রভাব এবং আজকের ক্ষেপণাস্ত্র শক্তি অর্জন। এ ধারা বিরতিহীনভাবে চলতেই থাকবে।"
আইআরজিসি তার বিবৃতিতে ইরানি জাতিকে অপমান করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে 'দুর্বৃত্ত এবং স্বল্প মস্তিষ্কপ্রসূত' হিসেবে আখ্যায়িত করেছে।সেই সঙ্গে চলতি মাসের মাঝামাঝি সময়ে আইআরজিসির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য বাহিনীটি ট্রাম্পের কড়া সমালোচনা করেছে।
পার্সটুডে/বাবুল আখতার/১৯