জাতিসংঘের প্রতিবেদন অতিরঞ্জিত ও বাস্তবতা-বিবর্জিত: কাসেমি
https://parstoday.ir/bn/news/iran-i47900-জাতিসংঘের_প্রতিবেদন_অতিরঞ্জিত_ও_বাস্তবতা_বিবর্জিত_কাসেমি
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদের ইরান সংক্রান্ত প্রতিবেদনকে অতিরঞ্জিত ও বাস্তবতা-বিবর্জিত বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০১৭ ০২:৫৮ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদের ইরান সংক্রান্ত প্রতিবেদনকে অতিরঞ্জিত ও বাস্তবতা-বিবর্জিত বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বৃহস্পতিবার রাতে ওই প্রতিবেদন সম্পর্কে এক প্রতিক্রিয়ায় বলেছেন, হাতে গোনা কিছু দেশ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নিরাপত্তা পরিষদে যেসব অন্যায় ও অবিবেচনাপ্রসূত প্রস্তাব পাস করেছে তার চাহিদা পূরণ করতে গিয়ে মানবাধিকার পরিষদের বিশেষ প্রতিনিধি ইরানের বিরুদ্ধে প্রতিবেদন প্রস্তুত করেছেন।

তিনি বলেন, এ ধরনের প্রতিবেদন বিশ্বে জাতিসংঘের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি মানবাধিকারের কথিত ধ্বজাধারীদের প্রকৃত চেহারা বিশ্ববাসীর সামনে উন্মুক্ত করে দেবে। যেসব দেশ এখন অন্য দেশের বিরুদ্ধে অভিযোগ তুলছে সেগুলোর প্রত্যেকটির মানবাধিকার লঙ্ঘনের জঘন্য ইতিহাস রয়েছে বলে বাহরাম কাসেমি উল্লেখ করেন।

আসমা জাহাঙ্গির

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি আসমা জাহাঙ্গির সম্প্রতি ২০১৭ সালের প্রথম ছয় মাসে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। ওই প্রতিবেদনে ইরানে প্রচলিত ইসলামি আইনে দেয়া মৃত্যুদণ্ড এবং মাদক চোরাকারবারীদের ফাঁসি দেয়ার সমালোচনা করে দাবি করা হয়েছে, ইরান সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। ইরান এর আগে এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে পাশ্চাত্যকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা যেন তাদের রাজনৈতিক লক্ষ্য পূরণের কাজে মানবাধিকারের মতো বিষয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার না করে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, মার্কিন কর্মকর্তারা কোনোদিনও ইরানের সরকারের সঙ্গে জনগণের সম্পর্কে দূরত্ব সৃষ্টি করতে পারবে না। গতকাল মার্কিন প্রতিনিধি পরিষদে ইরান বিরোধী নিষেধাজ্ঞা পাস করার অধিবেশনে টিলারসন দাবি করেন, ইরানি জনগণের ক্ষতি করার তাদের উদ্দেশ্য নয় বরং সেদেশের সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭