মানবাধিকার প্রতিবেদনে শত্রুদের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে: ইরান
-
আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি বলেছেন, ইরানের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে শত্রুদের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। একইসঙ্গে তিনি ইরান-বিরোধী এ প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেন।
রাজধানী তেহরানে সোমবার দেশের বিচার বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় আয়াতুল্লাহ সাদেক লারিজানি এসব কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের এ প্রতিবেদনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার সম্পর্কে পুরনো অভিযোগই নতুন করে তোলা হয়েছে এবং ইসলাম ও ইরানের বিপ্লব-বিরোধী সূত্র ও মুনাফেকিন গোষ্ঠী এমকেও’র বরাত দিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে।
আয়াতুল্লাহ লারিজানি বলেন, কথিত এ মানবাধিকার প্রতিবেদনে তাদের প্রতি সমর্থন ব্যক্ত করা হয়েছে যারা ইরানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করেছে এবং দেশের মানুষের বিরুদ্ধে নানা অপরাধমূলক তৎপরতায় দোষী সাব্যস্ত হওয়ায় জন্য বিচার করা হয়েছে।
ইরানের মানবাধিকার প্রশ্নে দ্বৈতনীতি অনুসরণ করার জন্য আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি আমেরিকা ও ইউরোপের বহু দেশের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, পশ্চিমা এসব দেশ গুপ্তচরকে সমর্থন করছে কিন্তু ইয়েমেনে সৌদি আরবের বর্বর আগ্রাসনে হাজার মানুষ নিহত হচ্ছে সে বিষয়ে চুপ রয়েছে।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি আসমা জাহাঙ্গির গত বুধবার ২০১৭ সালের প্রথম ছয় মাসে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। ওই প্রতিবেদনে ইরানে প্রচলিত ইসলামি আইনে দেয়া মৃত্যুদণ্ড এবং মাদক চোরাকারবারীদের ফাঁসি দেয়ার সমালোচনা করে দাবি করা হয়েছে, ইরান সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। ইরান এর আগে এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং পাশ্চাত্যকে সতর্ক করে বলেছে, তারা যেন তাদের রাজনৈতিক লক্ষ্য পূরণের কাজে মানবাধিকারের মতো বিষয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার না করে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০