মহড়া শুরু: কল্পিত শত্রু অবস্থানে বোমা হামলা চালাবে ইরানি বিমান বাহিনী
ইরানের বিমান বাহিনী আজ(মঙ্গলবার) বিশাল সামরিক মহড়ায় শুরু করেছে। দুই দিনের এ মহড়ায় অংশ নেবে গোটা ইরানের সব বিমান ঘাঁটি। ফেদাইনে হারিমে বেলায়েত – ৭ নামের মহড়া আজ সকালে ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইস্পাহানের শহিদ বাবাই বিমান ঘাঁটি থেকে শুরু হয়েছে।
গতকালই জানানো হয়েছে, মহড়ায় অংশগ্রহণকারী ঘাঁটিগুলো মধ্যে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইরানের বিমান বাহিনীর কৌশলগত সুখোই-২৪, , এফ-৪, এফ-৫,এফ-৭,এফ-১৪, মিগ-২৯ মহড়ায় অংশ নিবে। পাশাপাশি মাঝ আকাশে জ্বালানি ভরার কাজে ব্যবহৃত বিমানও অংশ গ্রহণ করবে এতে। মহড়ায় চালকবিহীন বিমান বা ড্রোনের পাশাপাশি অংশ নেবে বোয়িং-৭০৭, বোয়িং-৭৪৭ এবং পরিবহন বিমান। মহড়ায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সায়েকে বোমারু বিমানও থাকবে।

ইরানের যুদ্ধবিমানগুলো মহড়ায় ভূমি থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলার অনুশীলন চালানো হবে। এ ছাড়া, এতে নজরদারির অনুশীলনও করা হবে। মহড়ায় তিন ধরণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। এগুলোর মধ্যে লেজার এবং রাডার গাইডেড ক্ষেপণাস্ত্র থাকবে।
মহড়ার মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোকে, স্থিতিশীলতা, নিরাপত্তা এবং স্থায়ী শান্তির বার্তা দেয়া হবে। পাশাপাশি বন্ধুত্বের বার্তাও দেয়া হবে বলে গতকাল জানিয়েছিলেন ব্রিগেডিয়ার রোজখোশ।#
পার্সটুডে/মূসা রেজা/৩১