আমেরিকাকে বাদ দিয়ে ইরানের বন্ধু হোন: সৌদিকে রুহানি
-
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার দেশের বিরুদ্ধে বিদ্বেষী নীতি পরিহার করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের প্রতি অতিরিক্ত বিশ্বাসের জন্য রিয়াদকে এর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আজ (বুধবার) মন্ত্রী পরিষদের এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোর উন্নয়নে ইরানের দৃঢ় সমর্থনের কথা পুর্নব্যক্ত করেন। তিনি বলেন, "এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতা ছাড়া আমরা অন্যকিছু ভাবতে পারি না। আরো স্পষ্ট করে বলতে গেলে এর কোনো বিকল্প নেই।"
প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, "সৌদি আরব যদি মনে করে ইরান নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইল তাদের প্রকৃত বন্ধু তাহলে সে ভুলের মধ্যে রয়েছে। ইরান বিষয়ে রিয়াদের এ ধরনের মনোভাব একটি কৌশলগত ভুল এবং ভুল হিসাব-নিকাশ।"
তিনি বলেন, "এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা মধ্যপ্রাচ্যে কোনো ধরনের ভৌগোলিক পরিবর্তন মেনে নেব না, আমরা চাই এ অঞ্চলের জাতিগুলো নিজেরাই নিজেদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিক এবং তাদের ওপর সব ধরনের আগ্রাসন এবং বোমা বর্ষণ বন্ধ হোক।"
ইরান আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে হস্তক্ষেপ করছে বলে যে অভিযোগ করা হচ্ছে সে প্রসঙ্গে রুহানি বলেন, ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান যখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তখন তার দেশের বিরুদ্ধে এসব ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।
এছাড়া, আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইলের অতীত ষড়যন্ত্রের কথা তুলে ধরে প্রেসিডেন্ট রুহানি বলেন, "এসব বলদর্পী শক্তি এ অঞ্চল থেকে তেল এবং সম্পদ চুরি করছে এবং উত্তেজনা ছড়িয়ে দিতে বিভিন্ন ধরনের অস্ত্র বিক্রি করছে।"
পার্সটুডে/বাবুল আখতার/৮