ত্রিপক্ষীয় সম্মেলন: রাশিয়া গেছেন প্রেসিডেন্ট রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i48733-ত্রিপক্ষীয়_সম্মেলন_রাশিয়া_গেছেন_প্রেসিডেন্ট_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে রাশিয়া গেছেন। এরইমধ্যে তিনি কৃষ্ণ সাগর উপকূলবর্তী সোচি শহরে পৌঁছেছেন। বৈঠকে আরো যোগ দেবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ২২, ২০১৭ ১৪:৩৭ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট রুহানি (বামে) ও রুশ প্রেসিডেন্ট পুতিন
    ইরানের প্রেসিডেন্ট রুহানি (বামে) ও রুশ প্রেসিডেন্ট পুতিন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে রাশিয়া গেছেন। এরইমধ্যে তিনি কৃষ্ণ সাগর উপকূলবর্তী সোচি শহরে পৌঁছেছেন। বৈঠকে আরো যোগ দেবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার উদ্দেশ্যে তেহরান ছাড়ার আগে আজ সকালে ড. রুহানি সাংবাদিকদের কাছে বলেন, আঞ্চলিক দেশগুলোর সীমানা পাল্টানোর ষড়যন্ত্র ব্যর্থ হবে। এ সময় তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, সন্ত্রাসীরা চূড়ান্তভাবে নির্মূল না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে ইরান।

প্রেসিডেন্ট রুহানিকে রুশ বিমানবন্দরে অভ্যর্থনা

প্রেসিডেন্ট রুহানি ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের জন্য দেশ দুটির জনগণকে অভিনন্দন জানান এবং এ লড়াইয়ে ইরান ও লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ভূমিকা তুলে ধরেন। তবে তিনি বলেন, এই বিজয়ের অর্থ এই নয় যে, সন্ত্রাসবাদের ইস্যু শেষ হয়ে গেছে কিন্তু সন্ত্রাসীদের ভিত্তি নড়বড়ে হয়েছে। এর ফলে এসব সন্ত্রাসী আর কোনো জনপদ নিয়ন্ত্রণ করতে পারবে না কিংবা রাষ্ট্র ঘোষণা করতে পারবে না।

প্রেসিডেন্ট রুহানি বলেন, এই ষড়যন্ত্রের প্রথম দিন থেকেই ইরান জানত যে, সন্ত্রাসীদেরকে কয়েকটি রাষ্ট্র নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করছে তবে আঞ্চলিক দেশগুলোর সীমানা বদলে দেয়ার ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হবে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২