সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান ও রাশিয়া সম্মুখভাগে রয়েছে: লারিজানি
-
রানের সংসদ স্পিকার আলী লারিজানি
ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি এ অঞ্চলে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরান এবং রাশিয়ার সফল লড়াইয়ের প্রশংসতা করেছেন। সেই সঙ্গে তিনি আরো বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে জড়িত অন্যান্য জোটের চেয়ে বরং এ দু'দেশ সম্মুখভাগে অবস্থান করছে। সন্ত্রাসবাদ নির্মূলে এসব জোট কোনো বাস্তব পদক্ষেপ নেয় নি।
গতকাল (সোমবার) রাশিয়ার তাস সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে লারিজানি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান এবং রাশিয়া সম্মুখ কাতারে রয়েছে আর অন্যরা কেবল কথা বলে কালক্ষেপণ করছে।
তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন জোট গঠন করা হয়েছে। তবে তাদের কার্যক্রম কেবল কাগজে কলমে। বাস্তবে কিছুই করে নি। ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত মার্কিন নেতৃত্বাধীন জোটের প্রতি ইঙ্গিত করে লারিজানি এসব মন্তব্য করেন।
লারিজানি বলেন, ইরান ও রাশিয়ার কারণে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ইরাক ও সিরিয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, এসব সন্ত্রাসী এখন অন্যান্য দেশে ছড়িয়ে পড়ছে এবং হুমকি সৃষ্টি করছে।
দামেস্ক বা জাতিসংঘের অনুমতির তোয়াক্কা না করে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় তাকফিরি দায়েশের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে। তবে এসব হামলায় দায়েশের অবস্থান দুর্বল হয় নি বরং বেশিরভাগ ক্ষেত্রে বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৫