ইরানের ব্যাপারে কথা বলার আপনি কে: বাহরাইনকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i50287-ইরানের_ব্যাপারে_কথা_বলার_আপনি_কে_বাহরাইনকে_ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান বিরোধী বক্তব্যকে ‘সস্তা ও বস্তাপঁচা’ বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইরানের ব্যাপারে মন্তব্য করার অবস্থায় নেই বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২৪, ২০১৭ ০৩:৫২ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান বিরোধী বক্তব্যকে ‘সস্তা ও বস্তাপঁচা’ বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইরানের ব্যাপারে মন্তব্য করার অবস্থায় নেই বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী।

কাসেমি তেহরানে এক সংবাদ সম্মেলনে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “কয়েক হাজার বছরের সভ্যতার অধিকারী ইরানের ব্যাপারে মন্তব্য করতে হলে যে যোগ্যতা দরকার তার ছিটেফোঁটাও আপনার নেই।”

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আলে খালিফা বৃহস্পতিবার কয়েকটি টুইট বার্তায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেন। একটি বার্তায় তিনি বলেন, “ইরান টিকে থাকবে চিরকাল কিন্তু ইসলামি প্রজাতন্ত্র বেশিদিন স্থায়ী হবে না।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, "অতি প্রাচীন দেশ ইরানের জনগণ উচ্চশিক্ষিত এবং তাদের রয়েছে অনন্য ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, গণতন্ত্র এবং এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্বাধীন দেশ।"

বাহরাইনে রাজতন্ত্রের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন (ফাইল ছবি)

বাহরাম কাসেমি বলেন, “বাহরাইনের ব্যর্থ শাসকদের পাশাপাশি অন্যান্য প্রতিক্রিয়াশীল সরকারের জন্য ইরান একটি দুঃস্বপ্ন। পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতা নিয়ে নিজের দেশের জনগণের বিরুদ্ধে দমন অভিযান চালানো ছাড়া এসব শাসক আর কিছু করার ক্ষমতা রাখে না।”

বাহরাইন সরকার ২০১১ সালের ফেব্রুয়ারি মাস থেকে দেশটির গণতন্ত্রপন্থি আন্দোলন কঠোর হাতে দমন করে যাচ্ছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪