নানা উপায়ে ট্রাম্পের পদক্ষেপ মোকাবিলার চেষ্টা করা হবে: ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, বায়তুল মুকাদ্দাসের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ মোকাবিলায় ইরান বিভিন্ন উপায়ে প্রচেষ্টা অব্যাহত রাখবে। আজ (সোমবার) রাজধানী তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাহরাম কাসেমি আরও বলেছেন, ইরান সবসময় বায়তুল মুকাদ্দাসের মতো ইস্যুগুলোকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং ওআইসি'র বিশেষ সম্মেলনেও তেহরানের এ সংক্রান্ত অবস্থান ঘোষণা করা হয়েছে।
বায়তুল মুকাদ্দাস ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব পাস প্রসঙ্গে তিনি আরও বলেছেন, জাতিসংঘে প্রস্তাব পাসের মধ্যদিয়ে আমেরিকার একঘরে হয়ে পড়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। মার্কিন নেতাদের এখন এটা বোঝা উচিত যে, এভাবে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে না।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের আসন্ন ইরান সফর প্রসঙ্গে তিনি বলেছেন, তার আসন্ন সফরের দিন-তারিখ এখনও ঠিক হয় নি এবং দুই দেশের মধ্যে এখন ভালো সম্পর্ক বিরাজ করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাব পুনরায় পর্যালোচনার পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ইরান যাতে এই সমঝোতা থেকে লাভবান হতে না পারে সে লক্ষ্যে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমেরিকা।
ইউরোপের দেশগুলো যাতে মার্কিন শয়তানির ধোঁকায় না পড়ে সে বিষয়ে সতর্ক করেছেন বাহরাম কাসেমি। তিনি বলেন, পরমাণু সমঝোতার বিষয়ে মার্কিন সিনেট সিদ্ধান্ত নিতে পারবে না, কারণ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫