সৌদি, ইসরাইল ও আমেরিকা উসকে দিচ্ছে আঞ্চলিক উত্তেজনা: ইরান
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল, সৌদি আরব এবং আমেরিকা হস্তক্ষেপ ও আগ্রাসীমূলক তৎপরতার মাধ্যমে আঞ্চলিক উত্তেজনা উসকে দিচ্ছে।
তেহরান নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তৃতায় জাওয়াদ জারিফ আজ (সোমবার) একথা বলেছেন। "পশ্চিম এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা: আসন্ন চ্যালেঞ্জ ও প্রবণতা" শীর্ষক একদিনের এ সম্মেলনে ইরান এবং আন্তর্জাতিক অঙ্গনে ২০০'র বেশি গুরুত্বপূর্ণ রাজনীতিক এবং বিশ্লেষক অংশ নিচ্ছেন। তেহরানে দ্বিতীয়বারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
জাওয়াদ জারিফ বলেন, ইয়েমেনে সৌদি আগ্রাসন হচ্ছে আঞ্চলিক সংকট সৃষ্টির পেছনে অন্যতম প্রধান কারণ। তিনি আরো বলেন, ইয়েমেনে ৩৩ মাসের ব্যর্থ যুদ্ধের পর আগ্রাসী সৌদি আরবের এই উপলব্ধি আসা উচিত যে, ইয়েমেন ইস্যুতে কোনো সামরিক সমাধান নেই বরং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমেরিকার হস্তক্ষেপমূলক কৌশল হচ্ছে সবচেয়ে বড় ও বাস্তব চ্যালেঞ্জ যা আঞ্চলিক পরিস্থিতিকে জটিল করে তুলছে। আমেরিকা এখনো এ অঞ্চলের বাস্তবতাকে উপেক্ষা করছে। পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত দখলদারিত্ব হচ্ছে এ অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গত ৭০ বছরে দখলদার ইসরাইলের নিপীড়নের কারণে লাখ লাখ ফিলিস্তিনি নাগরিক শরণার্থী হতে বাধ্য হয়েছেন।" ইসরাইলের সৃষ্ট এ সংকট আঞ্চলিক সব সমস্যার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/ সিরাজুল ইসলাম/৮