বাহরাইনের পাইপলাইনে বোমা হামলার অভিযোগ নাকচ করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i52675-বাহরাইনের_পাইপলাইনে_বোমা_হামলার_অভিযোগ_নাকচ_করল_ইরান
বাহরাইনের একটি তেল পাইপলাইনে বোমা হামলাকারীদের সঙ্গে তেহরানের সম্পর্ক থাকার মিথ্যা অভিযোগ চরমভাবে নাকচ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৭ সালের নভেম্বর মাসে ওই পাইপলাইনে হামলা হয়েছিল।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০১৮ ১০:৪১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি (ফাইল ফটো)
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি (ফাইল ফটো)

বাহরাইনের একটি তেল পাইপলাইনে বোমা হামলাকারীদের সঙ্গে তেহরানের সম্পর্ক থাকার মিথ্যা অভিযোগ চরমভাবে নাকচ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৭ সালের নভেম্বর মাসে ওই পাইপলাইনে হামলা হয়েছিল।

আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, রাজতান্ত্রিক বাহরাইন সরকারের নতুন এই অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন। ইরান সরকারের বিরুদ্ধে এ ধরনের বেমানান ও কল্পিত অভিযোগ করা থেকে বিরত থাকতে তিনি মানামার প্রতি আহ্বান জানান।

বাহরাম কাসেমি বলেন, এ ধরনের বস্তাপচা অভিযোগ বাদ দিয়ে বরং দেশের জনগণের ন্যায্য ও বৈধ দাবি মেনে তাদের ওপর মানামার দমন-পীড়ন বন্ধ করা উচিত। চলমান সংকট সমাধানের জন্য দেশটির বিরোধীদলীয় ও মানবাধিকার নেতাদের সঙ্গে আন্তরিক সংলাপে বসারও পরামর্শ দেন বাহরাম কাসেমি।

গতকাল (বুধবার) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, সৌদি আরবের আরামকো তেল কোম্পানির একটি পাইপলাইনে বোমা হামলার সঙ্গে জড়িত চার বক্তিকে আটক করা হয়েছে। গত ১০ নভেম্বর বাহরাইনের রাজধানী মানামার কাছে ওই পাইপলাইনে হামলা হয়। বাহরাইন দাবি করছে, আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে ইরান প্রশিক্ষণ ও অস্ত্র দিয়েছে। হামলার ঘটনায় জড়িত আরো তিন ব্যক্তিকে আটক করা যায় নি বলে জানিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮