রুহানি-ম্যাকরন ফোনালাপ; দ্বিপক্ষীয় সহযোগিতায় সন্তোষ প্রকাশ
https://parstoday.ir/bn/news/iran-i53949-রুহানি_ম্যাকরন_ফোনালাপ_দ্বিপক্ষীয়_সহযোগিতায়_সন্তোষ_প্রকাশ
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চললেও দুঃখজনকভাবে মার্কিন সরকার এটি বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৫, ২০১৮ ০৩:২৩ Asia/Dhaka
  • রুহানি-ম্যাকরন ফোনালাপ; দ্বিপক্ষীয় সহযোগিতায় সন্তোষ প্রকাশ

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চললেও দুঃখজনকভাবে মার্কিন সরকার এটি বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে।

রোববার বিকেলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ অভিযোগ করেন রুহানি। তিনি সব পক্ষকে পরমাণু সমঝোতা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, অন্য পক্ষগুলো যতক্ষণ এ সমঝোতা বাস্তবায়ন করে যাবে ততক্ষণ পর্যন্ত ইরান এটি পুঙ্খানুপুঙ্খ মেনে চলবে।

মধ্যপ্রাচ্যের ঘটনাবলীতে ইউরোপের সঙ্গে ইরানের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, পরমাণু সমঝোতার সঙ্গে এ সহযোগিতার কোনো সম্পর্ক নেই এবং ইউরোপীয় দেশগুলোর উচিত আমেরিকাকে এ সমঝোতা মেনে চলতে বাধ্য করা।

প্রেসিডেন্ট রুহানির সঙ্গে টেলিফোন সংলাপে ইরানের সঙ্গে একটি উজ্জ্বল, শক্তিশালী ও স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন। তিনি বলেন, ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে প্যারিস। এ সমঝোতার ব্যাপারে ফ্রান্সের এটাই সুস্পষ্ট নীতি এবং এ ব্যাপারে কোনো রাখঢাক নেই বলে তিনি মন্তব্য করেন।

ইমানুয়েল ম্যাকরন বলেন, তিনি শুরু থেকেই বলে এসেছেন পরমাণু সমঝোতার ব্যাপারে আর কোনো আলোচনা হবে না। তবে তার সরকার অন্যান্য বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা করতে আগ্রহী বলে তিনি জানান।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির ব্যাপারে ফ্রান্স ও ইরানের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব পালনের জন্য দু’দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান প্রেসিডেন্ট ম্যাকরন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫