ইরানের সামরিক শক্তিতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: প্রেসিডেন্ট রুহানি
-
মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের প্রতিরক্ষা শক্তি মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে। তিনি আরো বলেছেন, ইরানের সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষা শক্তিতে কারো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
প্রেসিডেন্ট রুহানি আজ (বুধবার) তেহরানে মন্ত্রিসভার বৈঠকে এ মন্তব্য করেন। তিনি স্পষ্ট করে বলেন, কোনো দেশে আগ্রাসন চালানোর জন্য ইরান নিজের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করছে না বরং সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে প্রস্তুতি নিয়ে রাখছে।
তিনি মধ্যপ্রাচ্যে ইরান-আতঙ্ক ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এ অঞ্চলেরই কোনো কোনো দেশের প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করে বলেন, ইরান সব সময় সম্মান অর্জনের চেষ্টা করলেও কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন চালায়নি এবং ভবিষ্যতেও চালাবে না।
প্রেসিডেন্ট রুহানি বলেন, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে ইরান কখনো প্রতিবেশী কোনো দেশের ওপর বোমা নিক্ষেপ করেনি বরং যুদ্ধ কবলিত প্রতিবেশী দেশের লাখ লাখ মানুষকে আশ্রয় দিয়েছে।
ইরানের প্রসিডেন্ট ফিলিস্তিনের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব ও গণহত্যার কথা উল্লেখ করে বলেন, যারা গত ৭০ বছর ধরে মধ্যপ্রাচ্যে দাঙ্গা, যুদ্ধ ও হাহাকার সৃষ্টি করেছে এবং যারা সাবরা ও শাতিলার মতো ভয়বাহ গণহত্যার হোতা তাদের পক্ষে ইরান-আতঙ্ক সৃষ্টি করা মানায় না। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭