পাকিস্তান যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী; প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে আলোচনা
https://parstoday.ir/bn/news/iran-i54177-পাকিস্তান_যাচ্ছেন_ইরানি_পররাষ্ট্রমন্ত্রী_প্রধানমন্ত্রী_ও_সেনাপ্রধানের_সঙ্গে_আলোচনা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তিনদিনের সফরে রোববার পাকিস্তান যাচ্ছেন। তার সঙ্গে থাকবে একটি উঁচু পর্যায়ের প্রতিনিধিদল। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং মাদক চোরাচালান বন্ধের উপায় নিয়ে তিনি পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ০৯, ২০১৮ ২২:৫০ Asia/Dhaka
  • রানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    রানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তিনদিনের সফরে রোববার পাকিস্তান যাচ্ছেন। তার সঙ্গে থাকবে একটি উঁচু পর্যায়ের প্রতিনিধিদল। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং মাদক চোরাচালান বন্ধের উপায় নিয়ে তিনি পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহদি হোনারদূস্ত শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফের আমন্ত্রণে জাওয়াদ জারিফ এ সফরে যাচ্ছেন। আসিফ গত সেপ্টেম্বর মাসে একদিনের জন্য ইরান সফর করেন। ওই সফরের ফিরতি সফর হিসেবে জারিফ ইসলামাবাদ যাচ্ছেন।

মেহদি হোনারদুস্ত জানান, পাকিস্তান সফরের সময় জাওয়াদ জারিফ দেশটির প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি, পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ, স্বরাষ্ট্রমন্ত্রী এহসান ইকবাল ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। এছাড়া, জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিকের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

এসব বৈঠকের পাশাপাশি জাওয়াদ জারিফ পাকিস্তান ইকনোমিক ফোরাম এবং ইসলামাবাদের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজে বক্তৃতা দেবেন। এছাড়া, বন্দরনগরী করাচির দক্ষিণ এলাকা পরিদর্শন করবেন এবং মুহাম্মাদ আলী জিন্নাহর মাজারে শ্রদ্ধা জানাবেন।

ইরান ও পাকিস্তান সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্য বাড়িয়ে ৫০০ কোটি ডলারে নিতে চাইছে। গত মে মাসে জাওয়াদ জারিফ সর্বশেষ পাকিস্তান সফর করেন। তখনো দ্বিপক্ষীয় বাণিজ্যের ইস্যুটি বিশেষ গুরুত্ব পেয়েছিল।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯